করোনার জন্য সোয়াব বা লালারস টেস্টের নাম করে এক মহিলার গোপনাঙ্গ থেকে লালারস সংগ্রহ করলেন এক ল্যাব টেকনিশিয়ান। মহারাষ্ট্রের অমরাবতীতে এই লজ্জাজনক ঘটনা ঘিরে শুরু হয়েছে প্রবল শোরগোল। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ল্যাব টেকনিশিয়ানকে অমরাবতী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গোটা ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করেছেন মহারাষ্ট্রের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী যশোমতী ঠাকুর। তিনি নিজে এই ঘটনায় স্তম্ভিত। ওই ল্যাব টেকনিশিয়ানকে কড়া শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও জানান মন্ত্রী।
সূত্র মারফত জানা গিয়েছে যে, অমরাবতীর একটি শপিং মলে ওই মহিলা চাকরি করেন। গত ২৪শে জুলাই ওই শপিং মলে কর্মরত একজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওই মলে ২৫ জন কর্মী নিজেদের করোনা পরীক্ষা করানোর জন্য ল্যাবে আসেন। জানা যায় যে, ল্যাব টেকনিশিয়ান অভিযোগকারিণীকে আলাদা করে ডেকে নেন। তারপরে তার গোপনাঙ্গ থেকে লালা রস সংগ্রহ করতে যান। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী। পরে তিনি পুলিশে অভিযোগ জানান।
পুলিশের তরফ থেকে ওই ল্যাব টেকনিশিয়ান এর বিরুদ্ধে ধর্ষণ (৩৭৬ ধারা) ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অমরাবতীর কালেক্টর শৈলেশ নাভালও গোটা ঘটনাটি অত্যন্ত তৎপরতার সঙ্গে খতিয়ে দেখছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এরপর থেকে যে ল্যাবগুলিতে করোনার টেস্টিং হচ্ছে সেগুলোর ওপর পুলিশের কড়া নজরদারি থাকবে।





