২০১০ সালে কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বায়োটেকনোলজি নিয়ে পাশ করা ছেলেটা আজ নাসায় কর্মরত এক বায়োইনফরমেটিকস ডেটা গবেষক। অবশ্য তাঁকে শুধু গবেষক বলা হলে কম বলা হবে। তিনি নাসার মঙ্গল মিশনের একজন অন্যতম সদস্যও বটে। নাসার ‘দ্য রোভার’ -এর মাধ্যমে হয়তো তিনিই আগামীতে খুঁজে পাবেন মঙ্গলের বুকে সেই প্রথম প্রাণের অস্তিত্ব।
কলকাতা তথা বাঙালির গর্বের সেই গবেষক হলেন চিরঞ্জিত মুখোপাধ্যায় (Chiranjit Mukherjee)। ২০১০ সালে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বায়োটেকনোলজি নিয়ে তিনি গ্রেজুয়েট হন। তারপর ওহিও স্টেট ইউনিভারসিটি থেকে পোস্ট গ্রেজুয়েট এবং পিএইচডি করেন তিনি। আর এখন নাসায় তিনি একজন বায়োইনফরমেটিকস ডাটা অ্য়ানালেটিস্ট গবেষক হিসাবে কর্মরত।
বৃহস্পতিবার নাসা মঙ্গলগ্রহে অভিযান শুরু করে। সেদিন বিকেল ঠিক পাঁচটা বাজতেই পৃথিবীর মাটি ছেড়ে মঙ্গলের পথে রওনা দেয় ‘দ্য রোভার’। সফল হয় লঞ্চিং। সেই শুভক্ষনের সঙ্গী ছিলেন এই বাঙালি। আগামী বছর ২০২১ সালে মঙ্গল গ্রহে ওই যানটি পৌছাবে। তারপর চিরঞ্জিতই ‘দ্য রোভার’ এর পাঠানো যাবতীয় তথ্য সংগ্রহ করে তার বিশ্লেশন করবেন। তারপর মানুষের হাতে উঠে আসবে মঙ্গল নিয়ে অনেক নতুন নতুন তথ্য। আর বাংলার ইতিহাসে আরও এক নাম উজ্জ্বল হয়ে থাকবে তাঁর অন্যতম কৃতিত্বের জন্য।





