প্রবল বন্যার মধ্যে রান্নার বাসনে চেপে হাসপাতালে পৌঁছালেন গর্ভবতী মহিলা! ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য

মায়েরা কী না পারে! একথা আরও একবার প্রমাণ হয়ে গেল। তীব্র প্রসব যন্ত্রণা নিয়ে রান্নার বাসনে করে নদী পার হয়ে হাসপাতালে পৌঁছালেন গর্ভবতী মহিলা। ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ে। প্রবল বৃষ্টির জেরে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অত্যন্ত অবনতি হচ্ছে। বিভিন্ন মানুষ জলে আটকে পড়েছেন। জরুরি পরিষেবার জন্যও কোথাও যেতে পারছেন না। তার উপর রাস্তাঘাটের শোচনীয় অবস্থা। মানুষের অভিযোগ সরকারকে ভোট দিয়ে কোন লাভ হয় না। যে সরকারই আসুক না কেন অবস্থা যে কে সেই থেকে যায়।

এবার এই ভোগান্তির সম্মুখীন হলেন ছত্রিশগড় বিজাপুর গোরলার এক গর্ভবতী মহিলা, নাম লক্ষী ইয়ালাম। প্রায় ১৫ কিলোমিটার তাকে রান্নার বাসনে চাপিয়ে নদী সহ রাস্তা পার করানো হল। তবে হাসপাতালে পৌঁছেও তাঁর ঠিকমতো চিকিৎসা হয়নি।

জানা গিয়েছে, নদীর উপর কোনও ব্রিজ নেই বহুদিন ধরে। বছরের অন্যান্য সময় লোকজন নৌকায় চেপে নদী পারাপার করে কিন্তু বর্ষার সময় এই নদী ফুলে-ফেঁপে ওঠায় নৌকা চলাচল অসম্ভব। এমন অবস্থায় ঝুঁকি নিয়েই লক্ষ্মীকে নদী পার করানো হয়।

এরপর লক্ষ্মীকে প্রথমে ভোপালপট্টনম কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তির পরদিন তিনি প্রসব বেদনা অনুভব করেন। কিন্তু চিকিৎসকরা জানান যে তার প্রসবের সময় হয়নি। অথচ পরের দিনই লক্ষী সন্তান প্রসব করেন। লক্ষ্মীর পরিবারের লোকজনরা চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গোটা ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভোপালপট্টনমের ব্লক মেডিকেল অফিসার (বিএমও)।

আরও অন্যান্য খবর