অশান্তি যেনও লেগেই আছে ভাটপাড়ায়। কয়েকদিন আগে গুলি-বোমা চলার পরেও ফের ভাটপাড়ায় হল শুটআউট। শাসকের হাতে ফের আক্রান্ত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বাইকে করে এসে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় শাসকদলের মদতপুষ্ট কর্মীরাই জড়িত রয়েছে বলেই অভিযোগ বিজেপির। যদিও স্বাভাবিকভাবেই তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। সেই সময় ভাটপাড়ার ওই বিজেপি পার্টি অফিসে বেশ কয়েকজন দলীয় কর্মী বসে কথাবার্তা বলছিলেন। কথা শেষ হওয়ার পর জিৎ নামে বিজেপির এক দলীয় কর্মী ওই পার্টি অফিস থেকে বেরোন। অভিযোগ, এরপর প্রায় সঙ্গে সঙ্গেই বিজেপির দলীয় কার্যালয়ের সামনে গুলির শব্দ পাওয়া যায়। তড়িঘড়ি কার্যালয়ের দরজা দিয়ে বেরিয়ে দলীয় কর্মীরা দেখেন কে বা কারা বাইকে চড়ে এসে গুলি চালাচ্ছে। মোট পাঁচ রাউন্ড গুলি চালায় ওই দুষ্কৃতীরা। বিজেপি কর্মীদের দাবি, দুষ্কৃতীদের মূল উদ্দেশ্যই ছিল জিৎ-কে খুন করা। এই ঘটনার সঙ্গে তৃণমূল কর্মীরা যুক্ত বলেও দাবি গেরুয়া শিবিরের।
এই ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল ছাড়া কেউ জড়িত থাকতেই পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ভাটপাড়ায় বারবার অশান্তি পাকানো হচ্ছে।” যদিও তৃণমূলের তরফে অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলি চালানোর ঘটনা অরাজনৈতিক বলেই পালটা দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। পুলিশ বিজেপির ওই দলীয় কার্যালয় সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তাতে যদিও শুটআউটের ঘটনা একেবারেই স্পষ্টভাবে ধরা পড়েছে। তবে ওই ভিডিওতে কে বা কারা রয়েছেন তা বোঝা যায়নি। পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে।





