আপাতত স্বস্তি, অনাস্থা বৈঠক বাতিল করল হাইকোর্ট, কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান থাকছেন শুভেন্দুই

কাঁথি সমবায় ব্যাঙ্কের মামলায় আপাতত খানিকটা স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য যে বৈঠক ডাকা হয়েছিল, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

আজ, সোমবার বিচারপতি শম্পা সরকার জানান, যে বৈঠক ডাকার দাবী তোলা হয়েছে, তাতে পদ্ধতিগত নানান ত্রুটি রয়েছে। এর ফলে আপাতত কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই।

আরও পড়ুন- প্রথমেই ‘খেলা’য় বাধা, আগরতলায় লাগাতে দেওয়া হল না তৃণমূলের পতাকা, ভিডিওয় ক্ষোভ জাহির দেবাংশুর

জানা গিয়েছিল, শুভেন্দুকে সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারণের জন্য একটি বৈঠক ডাকা হয়। আগামীকাল, মঙ্গলবার কয়েকজন সেই বৈঠক হওয়ার কথা ছিল। এই কারণে একটি নোটিশও জারি করা হয়। সেই নোটিশে জানানো হয় যে শুভেন্দুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসার জন্য নানান ডিরেক্টরের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে।

তবে এই বৈঠক নিয়ে আপত্তি তোলেন ওই কাঁথি সমবায় ব্যাঙ্কেরই এক ডিরেক্টর। তিনি দাবী করেন, অনাস্থা প্রস্তাব আনার জন্য ডাকা এই বৈঠক সম্পূর্ণ অবৈধ। এরপর বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

এই মামলারই শুনানি দেওয়া হয় আজ, সোমবার। এদিন হাইকোর্ট জানান যে বৈঠক ডাকা হয়েছে, তাতে নানান পদ্ধতিগত ত্রুটি রয়েছে। এভাবে কোনও চেয়ারম্যানকে সরানোর জন্য বৈঠক ডাকা যায় না। এটা নিয়ম বিরুদ্ধ। এর জন্য উপযুক্ত কারণ থাকা প্রয়োজন। আর প্রমাণ থাকার যে প্রয়োজনীয়তা আছে, সেই সব নিয়ম বিধিও মানা হয়নি। এই কারণেই এই বৈঠক বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- প্রথমেই ‘খেলা’য় বাধা, আগরতলায় লাগাতে দেওয়া হল না তৃণমূলের পতাকা, ভিডিওয় ক্ষোভ জাহির দেবাংশুর

এই বিষয়ে আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য জানান, “চেয়ারম্যানের অপসারণ চেয়ে আগামীকাল বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু একজন ডিরেক্টর অভিযোগ করেন, যে বৈঠক ডাকা হয়েছে, তা অবৈধ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে অমান্য করা হচ্ছে। সোমবারের শুনানির পর মঙ্গলবারের বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। আগামিকাল কোনও বৈঠক হচ্ছে না। আপাতত শুভেন্দু অধিকারীই চেয়ারম্যান থাকছেন বলে মনে হচ্ছে”।

RELATED Articles