‘হিন্দু মতে মৃত্যুর গুজব রটলে আয়ু বাড়ে’, টুইটে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার নিজের অসুস্থতার খবর নিজেই মিথ্যা বলে প্রমান করলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন টুইট করে জানালেন অমিত শাহ, “আমি দিব্যি সুস্থ আছি”। এছাড়া তার দলের কর্মী ও নেটিজেনদের এই সব ভুয়ো খবরে কান দিতে বারণও করেন তিনি।

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসুস্থ রয়েছেন। এমনকি গুজবের মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে, সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর দেহাবসান হয়েছে বলেও খবর শোনা যায়।

এদিন টুইটে সেই সব বিষয়ে প্রতিক্রিয়া স্বরূপ তিনি বলেন, “গত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব দেখতে পাচ্ছি।” তিনি আরও বলেন, “শুরুর দিকে এই বিষয়কে খুব একটা গুরুত্ব না দিলেও দলীয় কর্মীরা যখন আমাকে ব্যক্তিগতভাবে আমার শরীরের বিষয় জিজ্ঞাসা করতে শুরু করেন, তখন আমি বুঝলাম ব্যাপারটা কতটা ছড়িয়েছে।” তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, “দলীয় কর্মীরা আমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে ছিলেন আর আমি কখনই তা উপেক্ষা করতে পারি না।”

এই গুজবকে রুখতে শনিবার শাহ স্পষ্টভাবে টুইটে জানান, “আমি সম্পূর্ণ সুস্থ আছি।” তিনি বলেন, দেশ এই মুহূর্তে যে সংকটময় পরিস্হিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা রুখতে সর্বদা তৎপর রয়েছে কেন্দ্রীয় সরকার। করোনার মোকাবিলার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিরন্তর পালন করতে হচ্ছে তাঁকে। তার জন্য তাঁকে রাতভর কাজ করতে হচ্ছে। তাই এর মধ্যে এ ধরনের ছোটখাটো বিষয় নিয়ে তিনি মাথা ঘামাতে চাইছিলেন না।

শেষে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, “হিন্দু মতে কার‌ও নামে মৃত্যুর খবর রটলে তার আয়ু আর‌ও বৃদ্ধি পায়।” অর্থাৎ তার মৃত্যু বা অসুস্থতার ভুয়ো খবর তাঁকে আরো অধিক শক্তিশালী করে দিল বলে ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও অন্যান্য খবর