Air india : বিমানে বোমাতঙ্ক! দুর্ঘটনার পরদিনই মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ, আতঙ্কে ১৫৬ যাত্রী!

বিমানযাত্রা নিরাপদ হলেও কখনও কখনও আতঙ্ক যেন পিছু ছাড়ে না। বিশেষ করে যদি একের পর এক ঘটনা ঘটে, তাহলে যাত্রীদের মানসিক চাপে পড়াই স্বাভাবিক। এমনই এক আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি হতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীদের। ১২ জুন ভয়াবহ বিমান দুর্ঘটনার পরের দিন অর্থাৎ ১৩ জুন ফের বিপদের মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার আরেকটি উড়ান। এবার আতঙ্ক ছড়াল বোমার ভয়ে।

১৩ জুন এয়ার ইন্ডিয়ার এআই ৩৭৯ নম্বর ফ্লাইটটি ফুকেট (Phuket) থেকে রওনা দেয় ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে। কিন্তু মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে বোমা রয়েছে এমন সন্দেহে। সঙ্গে সঙ্গেই পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সংবাদ সংস্থা থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানায়, এই বোমাতঙ্কের জেরে মাঝপথে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

এই ঘটনার পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। কোনও ঝুঁকি না নিয়ে সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয় এবং তাদের নিরাপদ স্থানে রাখা হয় বলে জানা গিয়েছে। বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত বিমানের ভিতর তল্লাশি চালানো হয়। তবে দীর্ঘ অনুসন্ধানের পরেও বিমানে কোনও বিস্ফোরক বা বোমার অস্তিত্ব মেলেনি।

উল্লেখযোগ্যভাবে, ওই সময় বিমানে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় (স্থানীয় সময়) ফুকেট বিমানবন্দর থেকে উড়ান শুরু করে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়লে ককপিট থেকে যোগাযোগ করে জরুরি অবতরণের আবেদন জানানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের যাত্রীদের যাচাই করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ Ahmedabad Plane Crash: বিমান দুর্ঘটনার পর সকালে পৌঁছলেন মোদি, আমদাবাদের হাসপাতালে কথা বললেন আহতদের সঙ্গে!

এই ঘটনার ২৪ ঘণ্টা আগেই, অর্থাৎ ১২ জুন আরও ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে। উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে আহমেদাবাদ থেকে রওনা দেওয়া একটি বিমান। প্রাণ হারান প্রায় আড়াইশ যাত্রী। দুর্ঘটনায় মৃত্যু হয় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিরও। প্রাণে বেঁচেছেন মাত্র এক যুবক। ঘটনার সময় থেকে এখনও উদ্ধার কাজ চলছে। এই পরপর দুটি ঘটনায় এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles