আকাশপথে ভরসা রাখতে গিয়ে বারবারই বিপাকে পড়ছেন যাত্রীরা। সম্প্রতি দেশের একাধিক বিমানসংস্থা নানা কারণে বিতর্কে জড়িয়েছে। তবে যাত্রী সুরক্ষার প্রশ্নে ফের আলোচনার কেন্দ্রে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া বিমানে উঠে এবার অসুস্থ হয়ে পড়লেন বহু যাত্রী এবং বিমান কর্মী। আচমকা মাঝ আকাশে দেখা দেয় শারীরিক সমস্যা। যাত্রীরা জানান, মাথা ঘোরা ও বমিভাবের মতো উপসর্গ দেখা দিয়েছিল। ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার পরিষেবা এবং সতর্কতা।
ঘটনাটি ঘটেছে লন্ডন হিথ্রো থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার AI-130 নম্বর ফ্লাইটে। জানা গিয়েছে, ২৩শে জুন, ওই বিমানে আচমকাই পাঁচজন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য অসুস্থ বোধ করেন। টাটা গ্রুপের মালিকানাধীন এই বিমান সংস্থা জানায়, উড়ানের মাঝপথেই যাত্রীদের মাথা ঘোরা, বমিভাবের মতো উপসর্গ দেখা দেয়। এতজন যাত্রী এবং স্টাফের একসাথে অসুস্থ হয়ে পড়া নিঃসন্দেহে উদ্বেগজনক। তবে শেষ পর্যন্ত ফ্লাইটটি সুরক্ষিতভাবে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে।
মুম্বইতে বিমান অবতরণের পর সঙ্গে সঙ্গে সক্রিয় হয় এয়ার ইন্ডিয়ার মেডিকেল টিম। অসুস্থদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেডিকেল রুমে। পরে জানা যায়, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। যদিও ঠিক কী কারণে একসঙ্গে এতজন যাত্রী এবং ক্রু অসুস্থ হয়ে পড়লেন, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।
২৩ জুনেই আরও এক ফ্লাইট সমস্যা তৈরি করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে। জয়পুর থেকে দুবাই যাওয়ার কথা ছিল IX-195 নম্বর ফ্লাইটটির। কিন্তু উড়ানের ঠিক আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে শেষমেশ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সকাল ৫:৩০ টায় জয়পুর থেকে ছাড়ার কথা থাকলেও উড্ডয়ন আর সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ Student Attack on Teacher: ‘দুল খুলো’ বলাতেই তাণ্ডব! দলবল এনে শিক্ষাকর্মীকে র*ক্তা*ক্ত করল ছাত্র!
একের পর এক ঘটনার পর যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও শারীরিক অসুস্থতা—এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে সমস্যা যেন পিছু ছাড়ছে না। বিশেষ করে আন্তর্জাতিক রুটে যাত্রা করেও যদি এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবে প্রশ্ন উঠবে বিমান সংস্থার প্রস্তুতি ও দায়িত্ব নিয়ে। আপাতত নজর এখন তদন্তের ফলাফলের দিকে, যা এই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট করবে। তবে তার আগে যাত্রী সুরক্ষাকে ঘিরে সংস্থার ভূমিকা যে নতুন করে আলোচনার কেন্দ্রে, তা বলাই যায়।





