অম্বুবাচীর সময় সাবধানতা জরুরি! দেবীর রোষে বিপদ ডেকে আনতে পারে একটি সামান্য ভুলও

অম্বুবাচী — এক আশ্চর্য ও গা ছমছমে ধর্মীয় রীতি। সাধারণত স্বামীহারা মহিলাদের এই ব্রত পালন করতে দেখা যায়। অম্বুবাচী মূলত তিন দিনের এক বিশেষ সময়কাল, যার মধ্যে রয়েছে দুটি পর্ব — প্রবৃত্তি (অর্থাৎ শুরু) এবং নিবৃত্তি (অর্থাৎ সমাপ্তি)।

লোকবিশ্বাস অনুযায়ী, অম্বুবাচীর সময় ধরিত্রীমাতা ঋতুমতী হন। বর্ষাকালে বৃষ্টিতে ভিজে উঠেই মাটি হয়ে ওঠে উর্বর — আর সেই উর্বরতাকেই রূপক অর্থে দেবীর ঋতুস্রাব হিসেবে ভাবা হয়। এটি এক শাক্ত ধর্মাচরণ, যেখানে প্রাকৃতিক উর্বরতাকে দেবীর শক্তির রূপে পূজা করা হয়।

এই উপলক্ষে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এই সময়েই আয়োজিত হয় অম্বুবাচী মেলা, যেখানে হাজার হাজার ভক্ত, সাধু-সন্ন্যাসী এবং তান্ত্রিক একত্রিত হন। কামাখ্যা মন্দির, যা সতীপীঠগুলির অন্যতম, এখানে দেবীর যোনীরূপে এক প্রস্তররূপের পূজা হয়। কিংবদন্তি অনুযায়ী, অম্বুবাচীর সময় এই পাথর থেকে রক্তস্রাব হয় — যা দেবীর ঋতুমতী হওয়ার প্রতীক হিসেবে বিবেচিত।

এই বছরে অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হচ্ছে ২২ জুন, রবিবার (৭ আষাঢ়) দুপুর ২টা ৫৬ মিনিট ৩ সেকেন্ডে। নিবৃত্তি ঘটবে ২৫ জুন, বুধবার (১০ আষাঢ়) রাত ৩টা ১৯ মিনিট ১৭ সেকেন্ডে। তবে অনেকেই ২৬ জুনকেও শেষদিন হিসেবে ধরে থাকেন।

এই তিন দিন অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হয়। কোনও ধরনের শুভ বা মাঙ্গলিক কাজ যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ করা একেবারে নিষিদ্ধ। এমনকি কৃষিকাজও বন্ধ রাখা হয়, কারণ এই সময় ধরিত্রীমাতাকে আঘাত করা উচিত নয় বলে মনে করা হয়। এ সময় জামাকাপড় ধোয়াও বারণ — কারণ এতে দেবীর অশুভ দৃষ্টি এসে পড়তে পারে বলে বিশ্বাস।

আরও পড়ুনঃ জয়পুরে পাঁচ তারা হোটেলের জানলা খোলা রেখেই ঘনিষ্ঠ মুহূর্তে যুগল, রাস্তায় ভিড়, পুলিসের হুঁশিয়ারি

অম্বুবাচী এক গভীর আধ্যাত্মিকতা ও সংস্কৃতির উৎসব — দেবী কামাখ্যার রহস্যে মোড়া এক শাক্ত পর্ব, যেখানে প্রকৃতির সঙ্গে দেবীর যোগ অনস্বীকার্য। তাই অম্বুবাচীর সময় সঠিক আচরণ ও বিধিনিষেধ মানা অত্যন্ত জরুরি। একটি ছোট ভুলেও দেবীর রোষে বিপদের মুখে পড়তে পারেন আপনি।
তাই সাবধান!

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles