দেশে খাদ্য, ওষুধ সহ জরুরি সামগ্রী যথেষ্ট পরিমানে আছে, আশ্বস্ত করলেন অমিত শাহ

করোনা সংক্রমন রুখতে কেন্দ্রীয় সরকার তাদের লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে আজ। দেশজুড়ে ২১ দিনের যে লকডাউন চলছিল, আজ তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, প্রত্যাশিতভাবেই, সেই মেয়াদ বাড়িয়ে ৩রা মে পর্যন্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে জাতির উদ্দেশ্যে একথা জানিয়ে দেন প্রধানমন্ত্রী।

এই ঘোষণার পর অনেকেরই মনে আশঙ্কার সৃষ্টি হয়েছে। বিগত ২১দিন ধরে দেশে উৎপাদন বন্ধ, ফলে খাদ্য ও ওষুধের যোগান কোথা থেকে আসবে! তবে কি মানুষকে না খেতে পেয়ে মরতে হবে। গরীব মানুষগুলোর পকেট এখন শূন্য। তাদের ভবিষ্যৎই বা কি হতে চলেছে! এমন সব ভাবনার অবসান ঘটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লকডাউনের মেয়াদবৃদ্ধি হলেও, কারও চিন্তার কোনও কারণ নেই।

প্রধানমন্ত্রীর ভাষণের কিছুক্ষণের মধ্যেই, ট্যুইট করেন শাহ। তিনি মানুষকে অযথা শঙ্কিত না হতে বলে তিনি জানান, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি জনগণকে আশ্বস্ত করছি, দেশে যথেষ্ট পরিমাণ খাদ্য, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত রয়েছে। ফলে, লকডাউনের মেয়াদ বৃদ্ধি হলেও নাগরিকের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।’ এছাড়া ধনী ও অবস্থাপন্নদের উদ্দেশ্যে তিনি অনুরোধ করেন, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

এদিন, ফের একবার স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, সাফাইকর্মী, পুলিশ ও নিরাপত্তা কর্মী সহ সমস্ত জরুরি বিভাগের সাথে যুক্ত কর্মীদের ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এঁনারা সকলে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদের কারণেই আজ এত জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আপনাদের সাহসিকতা প্রত্যেক ভারতীয়কে নতুন আশার আলো দেখাচ্ছে। এনাদের সাথে সবাই সহযোগিতা করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন মেনে বাড়িতে থাকুন।’

পাশাপাশি সব রাজ্যকে এই মুহূর্তে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। শাহ বলেন, এখন আমাদের এই সম্মিলিত প্রয়াসকে আরও জোরদার করতে হবে যাতে সব নাগরিক যথাযথভাবে লকডাউন মেনে চলেন। এই সময় দলাদলি করার নয়। দেশের স্বার্থে আমাদের এক হওয়ার সময় এটাই।

RELATED Articles

Leave a Comment