সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Election)। এই সময় সে রাজ্যে ঘাঁটি গড়তে কোমর বেঁধেছে নানান রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই আম আদমি পার্টিও (Aam Aadmi Party)। পঞ্জাবের পর এবার গুজরাতে ক্ষমতা গড়তে মুখিয়ে রয়েছে আপ। গুজরাতে সরকার গড়তে পারলে প্রতিমাসে পরিবার পিছু ৩০ হাজার টাকার সুবিধা দেওয়ার ঘোষণা করলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
গুজরাতে তিনদিনের নির্বাচনী প্রচারে গিয়েছেন কেজরিওয়াল। গতকাল, শুক্রবার এক জনসভায় তিনি বলেন যে আপ যদি সে রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে আগামী ১লা মার্চের পর থেকে গুজরাতবাসীকে আর বিদ্যুতের বিল মেটাতে হবে না। তা মেটাবে সরকার।
তিনি এও ঘোষণা করেন যে আপ সরকার সে রাজ্যে ক্ষমতা গড়লে মাসে তিন হাজার টাকা বেকার ভাতা চালু করবে সরকার। এমনকি, মহিলাদের মাসে এক হাজার টাকা বিশেষ ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে আপের তরফে।
এদিন কেজরিওয়াল এও ঘোষণা করেন যে শিক্ষাক্ষেত্রে কম করে ১০ হাজার টাকার সুবিধা মিলবে। সব মিলিয়ে মাসে ৩০ হাজার টাকার সুবিধা পাবে গুজরাতবাসী। কেজরিওয়ালের এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই বেশ শোরগোল পড়েছে গুজরাতে। এমন প্রতিশ্রুতি নিয়ে কেজরিওয়ালকে আক্রমণ করতেও ছাড়ে নি কংগ্রেস ও বিজেপি।
অরবিন্দ কেজরিওয়াল এমন সব প্রতিশ্রুতি দিয়েছেন যে এসব মেটাতে রাজ্য বাজেটের ৯০ শতাংশই খরচ হয়ে যাবে এই খাতে। বিজেপি ও কংগ্রেসের অভিযোগ, আপ সরকারের টাকাতেই সরকার কেনার কৌশল করছে। আর এমন একটা সময় আপ এমন প্রতিশ্রুতি দিয়েছে যখন নির্বাচন কমিশনের তরফে চটকদার ও আর্থিক বিনষ্টকারী নির্বাচনী ঘোষণায় রাশ টানা হচ্ছে।
গুজরাতে ২৭ বছর ধরে শাসন করছে বিজেপি। নরেন্দ্র মোদী যখন এই রাজ্যে মুখ্যমন্ত্রী পদে ছিলেন তখন তিনিও চটকদার নির্বাচনী ঘোষণার বিপক্ষেই ছিলেন। তবে এই বিজেপির তরফেই আবার ঘোষণা করা হয়েছে যে তারা ক্ষমতায় ফিরলে বছরে দু’টি গ্যাস সিলিন্ডার ফ্রি-তে দেবে।





