ভারতে এখন মোটামুটি লকডাউন তুলে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে আরও কিছু বিধিনিষেধ তুলে দেওয়া হবে। কিন্তু আনলক ১-এর প্রথম দিন থেকে পরিস্থিতি ক্রমশ শোচনীয় হয়েছে। করোনা আক্রান্ত সংখ্যার নিরিখে ভারত এখন গোটা বিশ্বে পঞ্চম স্থানে উঠে এসেছে। গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই লক্ষের উপর। প্রায় রোজই দৈনিক করোনাভাইরাস আক্রান্তের বৃদ্ধির নয়া রেকর্ড তৈরি হচ্ছে। তাই নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্রীয় সরকারের।
এবার তাই করোনা সংক্রমণে রাশ টানতে নয়া নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্র। সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে জাতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান’।
তাদের প্রতিবেদন অনুযায়ী, একাধিক রাজ্য সরকার অভিযোগ জানিয়েছে যে আনলক ১-এর প্রথম দিন থেকেই সামাজিক দূরত্ব-সহ যাবতীয় সুরক্ষা বিধি শিকেয় তুলেছেন মানুষ। তাই সংক্রমণ রুখতে কড়া নির্দেশিকার প্রয়োজন আছে বলে জানিয়েছে রাজ্যগুলি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও। মৃত্যুর হারে উন্নতি হলেও দিল্লি এবং মুম্বইয়ের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে যাবতীয় বিধিনিষেধ মেনে চলার জন্য কড়া নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্র।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে আরও শক্ত হাতে পরিস্থিতি সামলাতে হবে কেন্দ্র ও রাজ্যকে। বিশেষত গত কয়েকদিনের দেশের করোনা চিত্র রীতিমতো ভয়ঙ্কর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪৬,৬২৮। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯,৯৭১। যা একদিনে করোনা আক্রান্তের রেকর্ড বৃদ্ধি। শুধু তাই নয়, পরপর চারদিন দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৯,০০০ ছাড়িয়েছে।
একমাত্র আশার আলো যে সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বাড়ছে। তা সত্ত্বেও উদ্বেগ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞই আনলক ১-এ কিছুটা রাশ টানার পক্ষে সওয়াল করেছেন। হয়ত কেন্দ্রীয় সরকার আবার লকডাউন প্রয়োগ করবে বিভিন্ন বিধিনিষেধ সহ, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।





