২২ জানুয়ারি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৫০০ বছর পর নিজের জন্মভূমিতে ফিরেছেন রামচন্দ্র। গত সোমবার প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। রামমন্দিরের দ্বার খুলতেই উপচে পড়েছে ভক্তদের ঢল। সেই সঙ্গে বিপুল অনুদান ও দেশ-বিদেশ থেকে আসা নানান উপহারও উপচে পড়েছে রামমন্দিরে।
কোথা থেকে কী কী উপহার এল রামলালার জন্য?
- উত্তরপ্রদেশের আলিগড় থেকে এসেছে একটি বিশাল তালা যা প্রতীকী হিসাবে পাঠানো হয়েছে। আবার তামিলনাড়ু থেকে এসেছে সিল্কের বিছানার চাদর।
- নেপালের জনকপুরকে বলা হয় রামের স্ত্রী মা সীতার জন্মস্থান। সেই প্রতিবেশী দেশ থেকে সীতার জন্য রুপোর জুতো জোড়া, অলঙ্কার ও পোশাক পাঠানো হয়। নেপালের শালগ্রাম শিলাগুলি রামের মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়েছিল।
- ১০৮ ফুট লম্বা বিশেষ ধূপকাঠি উপহার হিসেবে পাঠানো হয়েছে যার সুগন্ধ গোটা মন্দির চত্বরকে সুবাসিত করে তোলে।
- গুজরাট থেকে এসেছে ৫০০০টি উজ্জ্বল আমেরিকান ডায়মন্ড বসানো ২ কিলোগ্রাম ওজনের একটি দুর্দান্ত গলার হার।
- রামমন্দিরের জন্য এসেছে এক বৃহৎ ঘণ্টা। ২,১০০ কেজি ওজনের এই ঘণ্টাটি অটল বিশ্বাসের প্রতীক হিসাবে দেওয়া হয়েছে।
- হায়দরাবাদ থেকে ১,২৬৫ কেজি ওজনের একটি বিশাল লাড্ডু এসেছে। হায়দরাবাদি এক শেফ ভালোবেসে এই উপহার পাঠিয়েছেন।
- একসঙ্গে আটটি দেশের সময় প্রদর্শনকারী একটি ঘড়ি এসেছে রামমন্দিরের জন্য। সেটি বসানো হয়েছে মন্দির চত্বরে।
- হায়দরাবাদ থেকে অযোধ্যা পর্যন্ত ৮০০০ কিলোমিটার হেঁটে এসে নিজের ভক্তি নিবেদন করেছেন চল্লা শ্রীনিবাস শাস্ত্রী। আর উপহার হিসাবে ভগবান রামের জন্য মাথায় করে নিয়ে এসেছেন সোনার পাদুকা।
- থাইল্যান্ড তাদের পবিত্র নদীর জল ও মাটি পাঠিয়েছে রামমন্দিরের উদ্দেশে।
- শ্রীলঙ্কার অশোক উদ্যান থেকে ‘সীতা এলিয়া শিলা’ ও ভগবান রামের ‘চরণ পাদুকা’ এসেছে অয্যোধ্যায়।
- একদিনেই জমা পড়েছে ৩ কোটির বেশি অনুদান
শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে রামমন্দিরে জমা পড়া অনুদান নিয়েও পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। প্রাণপ্রতিষ্ঠার পরদিন অর্থাৎ মঙ্গলবার রামমন্দিরের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। অনুদান সংগ্রহের জন্য ১০টি কাউন্টার খোলা হয়েছিল। জানা গিয়েছে, প্রথম দিনেই অযোধ্যায় রামলালার দর্শন করেছেন অন্তত ৫ লক্ষ ভক্ত। ওই দিনই সবমিলিয়ে জমা পড়েছে ৩ কোটি ১৭ লক্ষ টাকা অনুদান। নগদ আর অনলাইন- দুই মাধ্যমেই এই বিপুল পরিমাণ অনুদান জমা পড়েছে।





