প্রচারের ভাষা সেই মোদীই! পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর জন্মদিন থেকেই নতুন অভিযান বিজেপির

নির্বাচনের বৈতরণী আর করতেও ভরসা সেই মোদীই। আগামী বছরই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এর আগে ২০ দিন ব্যাপী নতুন কর্মসূচির উদ্যোগ নিল বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে ২০ দিন ধরে নানান কাজকর্ম করতে চলেছে গেরুয়া শিবির। টিকাকেন্দ্র থেকে রেশন বণ্টন কেন্দ্র, সর্বত্রই বিজেপি প্রতিনিধিদের উপস্থিত থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হোর্ডিং তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের চারটিতেই বিজেপির জয়জয়কার, সমীক্ষায় উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য

আগামী ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন। এইদিন থেকেই শুরু হচ্ছে এই নতুন কর্মসূচি। দীর্ঘ ২০ বছর ধরে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন মোদী। তাঁর সে কর্মজীবনকে কুর্নিশ জানাতেই ২০ দিন ব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গোটা দেশজুড়ে নানান কর্মসূচির উদ্যোগ নিচ্ছে বিজেপি। রক্তদান শিবির থেকে স্বচ্ছভারত অভিযান সবই থাকছে এই কর্মসূচিতে। এই নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রতিটি রাজ্যের সভাপতিদের চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বুথস্তর থেকে ৫ কোটি পোস্টকার্ড পাঠানো হবে। সেখানে দীর্ঘ সময় ধরে জনপ্রতিনিধি হিসেবে মানবসেবার জন্য প্রধানমন্ত্রীকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হবে।

এছাড়াও বিনামূল্যে খাদ্যদ্রব্য বন্টনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে শহরে-শহরে হোর্ডিং লাগানো হবে। দলের জনপ্রতিনিধিদের রেশন বন্টন কেন্দ্র গিয়ে আমজনতার সঙ্গে কথা বলে মোদীকে ধন্যবাদ জানানোর ভিডিও ক্লিপিংস তৈরির কথা বলা হয়েছে। টিকাকেন্দ্রেও বিজেপি নেতা-কর্মীদের এই একই কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরের বছর উত্তরপ্রদেশে নির্বাচন। সেকথা মাথায় রেখেই যোগীরাজ্যে ৭১ এলাকায় গঙ্গা পরিষ্কারের কর্মসূচিও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মোদীর জীবন ও জনসেবা নিয়ে ভার্চুয়াল অনুষ্ঠান হবে। সেখানে অংশ নেবেন বিশিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর আদর্শ, কর্মসূচি নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের লেখা প্রকাশিত হবে। এই কর্মসূচি শেষ হবে আগামী ৭ই অক্টোবর।

আরও পড়ুন- উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি, একাধিক কেন্দ্রে দেখা মিলতে পারে নতুন মুখের

এই ৭ই অক্টোবরের দিনই গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই স্মৃতি উস্কে দিতেই ৭ তারিখই শেষ করা হচ্ছে এই কর্মসূচি। এই নতুন অভিযানে পিছিয়ে পড়া দলিতদের গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। যোগীরাজ্যে ভোটের আগে বিজেপির প্রচারের এই নয়া কৌশল যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

RELATED Articles