নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল বিজেপি যুবনেতাকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় দ্রুত তদন্ত করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও উত্তেজনার পারদ উত্তরোত্তর বেড়েই চলেছে এই ঘটনায়। পুলিশের প্রাথমিক অনুমান, কর্ণাটকের এই বিজেপি নেতার খুনের সঙ্গে কেরালা রাজ্যের কোনও যোগসূত্র রয়েছে।
জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার বেল্লারে গ্রামে কয়েকজন দুষ্কৃতী মিলে বিজেপির এক তরুণ নেতাকে নৃশংসভাবে খুন করে। ওই বিজেপি নেতার নাম প্রবীণ নেট্টারু। প্রকাশ্য রাস্তার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই বিজেপি নেতাকে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরবর্তীতে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তরফে জোর কদমে তদন্ত শুরু করা হয়েছে বলে খবর।

এই ঘটনায় ম্যাঙ্গালোরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট জানান, “যেসকল দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বাইকের নম্বর পাওয়া গিয়েছে। এ ক্ষেত্রে কেরলের নম্বর সামনে উঠে এসেছে। তবে এখন কোনওরকম মন্তব্য করব না। রাজ্যের সীমান্তগুলিতে আমাদের কড়া নজর রয়েছে। অভিযুক্তদের খুব দ্রুত ধরা হবে”। স্থানীয়দের দাবী, এক মুসলিম যুবকের মৃত্যুর বদলা নেওয়ার জন্যই বিজেপি নেতাকে খুন করা হয়েছে।
এই খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। বিশ্ব হিন্দু পরিষদের তরফে এই ঘটনার প্রতিবাদে বেশ কিছু জায়গায় বনধ ডাকা হয়েছে। বামপন্থী দলগুলিকে এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। প্রবীণ নেট্টারুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। পরিবারের তরফে দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়েছে।





