দেশে কোভিড-১৯’র সংক্রমন তৃতীয় স্তরে পৌঁছতে পারেনি, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

দেশে করোনার সংক্রামিতের সংখ্যা বাড়লেও দেশে করোনা ভাইরাসের সংক্রমন তৃতীয় স্তরে পৌঁছয়নি, এমনটাই দাবি করছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শুক্রবার ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩,০৭৭। ইতিমধ্যেই দেশে আক্রান্তের মধ্যে ২০ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, গত ২৮ দিনে দেশের ১৫টি জেলাতে নতুন করে কোনো সংক্রমনের খবর পাওয়া যায়নি। আর গত ১৪ দিনে ৮০ টি জেলাতেও করোনাভাইরাস আক্রান্তের কোনও খবর নেই।

শুক্রবারই সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন বলেন, দেশে গোষ্ঠী সংক্রমণের ভয় কেটেছে। ভাইরাসের প্রকোপ তৃতীয় স্তরে পৌঁছনোর আগেই রুখে দেওয়া গেছে। দেশে করোনার সংক্রমণ তৃতীয় স্তরে পৌঁছয়নি বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি তাঁর আরও দাবি, বিশ্বের অনেক দেশের থেকে ভারতের সংক্রমনের ছবিটা অনেক ভালো।

এদিন নমুনা পরীক্ষা নিয়েও মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেছেন, এখনও পর্যন্ত প্রায় ৫লক্ষ ৫০ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার পরে আক্রান্তের সংখ্যা খুব একটা বাড়েনি। টেস্টের পরও আক্রান্তের সংখ্যা ৪ শতাংশ অবধিই বেড়েছে। এছাড়া কেন্দ্রের কাছে বিভিন্ন রাজ্যের ক্লাস্টার আর হটস্পটের সমস্ত তথ্যই রয়েছে। পাশাপাশি তিনি বলেন সংক্রমণ গোষ্ঠী পর্যায়ে উন্নিত হলে চিন্তার বিষয় থাকত। মার্চে যেখানে আক্রান্তের সংখ্যা তিনদিন ছাড়া ছাড়াই দ্বিগুণ হয়েছে সেখানে এখন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় লাগছে ৯ দিন। তাঁর কথায় প্রাথমিক সংকট কাটিয়ে উঠেছে ভারত আর এটা সম্ভব হয়েছে শুধু লকডাউনের কারণেই।

RELATED Articles

Leave a Comment