প্রায় দেড় বছর হতে চলল করোনা অতিমারির জেরে দেশের অধিকাংশ স্থানেই বন্ধ রয়েছে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি। বারবার প্রশ্ন তোলা হয়েছে যে স্কুল কবে খুলবে? কিন্তু আশানুরূপ কোনও জবাব মেলেনি।
এবার এই পরিস্থিতিতে শিক্ষকদের টিকাদানের বিষয়কে অগ্রাধিকার দিতে সমস্ত রাজ্যকে অনুরোধ করা হয়েছে কেন্দ্রের তরফে। আজ, বুধবার টিকার প্রায় ২ কোটি অতিরিক্ত ডোজ দেওয়া হবে রাজ্যগুলিকে। শিক্ষক দিবসের মধ্যেই সমস্ত শিক্ষককে টিকা দিতে হবে, এটাই কেন্দ্রের লক্ষ্য।
এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বুধবার জানান, “সমস্ত রাজ্যকেই অতিরিক্ত টিকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ২ কোটি অতিরিক্ত টিকার ডোজ দেওয়া হচ্ছে। আমরা সব রাজ্যকেই অনুরোধ করেছি স্কুলের শিক্ষকদের টিকাকরণকে অগ্রাধিকার দিতে। ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের মধ্যে তা সম্পন্ন করতে”।
তবে এই দিন দশেকের মধ্যে কী দেশের সমস্ত শিক্ষককে টিকা দেওয়া সম্ভব? দেশে ৮ কোটিরও বেশি স্কুল শিক্ষক রয়েছেন। তবে এদের মধ্যে অবশ্য বেশিরভাগই গত কয়েক মাসে টিকা নিয়ে নিয়েছেন।
যদিও শিক্ষকদের ‘ফ্রন্টলাইন কর্মী’ হিসেবে চিহ্নিত করেনি কেন্দ্র। তবে অনেক রাজ্যেই শিক্ষকদের টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় স্কুল খোলার জন্য শিক্ষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এর আগে ইউনেস্কো ভারত-সহ সমস্ত দেশের কাছে আর্জি জানায় যাতে শিক্ষকদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু ১৯৭টি দেশের মধ্যে মাত্র ২১টি দেশ এই আর্জি মেনেছে বলে খবর।
বলে রাখি, দেশজুড়ে জারি রয়েছে টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর চেষ্টা। এখনও পর্যন্ত দেশে প্রায় ৫৯ কোটি ৫৫ হাজারেরও বেশি টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতে টিকা পেয়েছেন ৬১ লক্ষেরও বেশি মানুষ। এরই সঙ্গে অব্যাহত রয়েছে রোগী চিহ্নিত করতে টেস্টিং প্রক্রিয়াও।





