এর আগে নানান ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে ঘিরেও উঠে এল নানান বিতর্ক। আর এর জেরে এই নিতে কলকাতা হাইকোর্টে একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগ, নিয়ম মেনে রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ হচ্ছে না। বিস্ফোরক এই দাবী করে অভিযোগ করা হয় যে মেধা তালিকায় থাকা ৫০ জনের নামের মধ্যে ৪৮ জনই একটি ‘বিশেষ সম্প্রদায়ভুক্ত’। মেধা তালিকা প্রকাশের নিয়ম মানা হয়নি বলে দাবী করা হয়েছে।
আরও পড়ুন- ‘চন্দনা খুব ভালো মেয়ে, ওকে ভুল বোঝাচ্ছে’, বিধায়কের ‘দ্বিতীয় স্বামী’ গাড়িচালক কৃষ্ণের মন্তব্যে শোরগোল
উল্লেখ্য, ২০১৯ সালে রাজ্য পুলিশের ৫০টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই মতোই আবেদন জমা পড়ে ও পরীক্ষা হয়, চলতি বছরের জুন মাসে ৫০ জনের একটি মেধা তালিকা প্রকাশ করা হয়।
কিন্তু সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। এই তালিকা প্রকাশের পরই দেখা যায় যে প্রকাশিত ৫০ জনের মধ্যে ৪৮ জনের নাম একটি বিশেষ সম্প্রদায়ের। অন্তত মামলাকারীর এমনটাই দাবী।
আবেদনকারী আইনজীবীর অভিযোগ, এই বিষয়টি সামনে আসার পরই নিয়োগের ক্ষেত্রে নতুন সার্কুলার জারি করা হয়। নতুন এই সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে সংরক্ষণের নিয়মের কারণেই বড় সংখ্যক মানুষ একটি বিশেষ সম্প্রদায়ের থেকে এসেছেন। তবে এক্ষেত্রে আবেদনকারীর দাবী, চাপে পড়েই এই সার্কুলার জারি করা হয়েছে। এরি সঙ্গে তাঁর প্রশ্ন, সংরক্ষণ নীতি অনুসরণ করা হলেও ৫০ জনের মধ্যে ৪৮ জনই একটি সম্প্রদায়ের হল কীভাবে, এটা কী ভাবে সম্ভব?
নানান প্রশ্ন তুলে মামলাকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই নিয়ে পদক্ষেপ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ। আগামী ১ই সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে হলফনামা পেশ করতে বলা হয়েছে। মেধা তালিকায় ৫০ জনের মধ্যে ৪৮ জন কীভাবে একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত হতে পারে, তা জানতে চাওয়া হয়েছে রাজ্যের থেকে। আগামী ২৩শে সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে বলে জানা গিয়েছে।





