চাষীদের মুখে হাসি, চিনি রফতানিতে ৩৫০০ কোটি টাকা ভর্তুকি দেবে মোদী সরকার

কৃষক আন্দোলনের জেরে গোটা দেশ উত্তাল হয়ে রয়েছে। সারা দেশ ফুঁসছে এই আন্দলনের আগুনে। এরই মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার । আজ বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান যে চিনির রফতানির ওপর এবার ভর্তুকি দেওয়া হবে সরকার থেকে। এর ফলে উপকৃত হবেন পাঁচ কোটি চাষী।

সূত্রের খবর থেকে জানা গিয়েছে, মোট ৬০ লাখ টন চিনিতে ভর্তুকি দেবে কেন্দ্র। এর ফলে এই শিল্পে কাজ করা পাঁচ লক্ষ শ্রমিক ও আখের ফলনের সঙ্গে পাঁচ কোটি চাষীর বেশ উপকৃত হবে বলে জানা গিয়েছে। ভর্তুকির টাকা সরাসরি চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে বলে জানান জাভড়েকর। এও জানান যে তিন কিস্তিতে এই টাকা মিলবে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে মোট ৩৫০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে চিনির রফতানিতে।

উল্লেখ্য, চিনি উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু চিনির মিলের মালিকদের থেকে চাষীরা সঠিক দাম পান না। তাই মজুত করে রাখা মাল যাতে কিছুটা বিক্রি করা যেতে পারে, তার জন্য ৩৫০০ কোটি টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। গত দুই বছরও কেন্দ্রের তরফ থেকেভর্তুকি দেওয়া হয়েছে। এবারও তার অনথ্যা হল না।

জানা গিয়েছে, এই বছর তাইল্যান্ডে চিনির উৎপাদন কম হয়েছে। অন্যদিকে, ব্রাজিলেও এপ্রিলের আগে কাজ শুরু হবে না। তাই সেই সময় অবধি রফতানির ভালো সুযোগ আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, রবিশংকর প্রসাদ জানান যে স্পেকট্রাম বণ্টনের জন্য নিলামের অনুমতি দিয়েছে কেন্দ্র। এর আগে ২০১৬ সালে স্পেকট্রাম বণ্টন করা হয়েছিল। কুড়ি বছরের জন্য এই স্পেকট্রাম দেওয়া হবে। প্রায় চার লক্ষ কোটি টাকার স্পেকট্রাম বিক্রি করতে চায় কেন্দ্র।

RELATED Articles