সেনাবাহিনী আমাদের দেশকে শত্রুপক্ষ থেকে রক্ষা করে। কিন্তু সেই রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠে, তখন তাঁর প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কোনও উপায় থাকে না। সেনাবাহিনীর নামকে দুর্নাম করলেন এক কর্নেল। বন্ধুর পানীয়তে চেতনানাশক মিশিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করলেন ওই কর্নেল। তাঁর বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, কর্নেলের ওই বন্ধুর স্ত্রী রাশিয়ান বংশোদ্ভূত। গত ১০ বছর ধরে ভারতে রয়েছেন তিনি। কানপুরে পোস্টিং ছিলেন ওই কর্নেল। লেফটেন্যান্ট কর্নেল থেকে প্রোমোশন পেয়ে কর্নেল পদে উন্নীত হয়েছেন তিনি। এই আনন্দেই গত শনিবার নিজের বাড়িতে পার্টির আয়োজনকরা হয়।
এই পার্টিতেই সস্ত্রীক কর্নেলের বন্ধু উপস্থিত হন। কিন্তু এই পার্টিতেই যে এরকম ভয়ংকর ঘটনা ঘটবে, তা কে জানত? কর্নেলের ওই বন্ধু অভিযোগ করেন, তাঁর বন্ধু তাঁর পানীয়তে কোনও চেতনানাশক মিশিয়ে দেন। এর ফলে ওই পানীয় পান করার সঙ্গে সঙ্গেই চেতনা হারান তিনি। এই সুযোগেই তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন কর্নেল। জানা গিয়েছে, তাঁকে ধর্ষণে বাধা দেওয়ার চেষ্টা করা হলে ওই মহিলার উপর শারীরিক নির্যাতনও করা হয়।
এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কেউ কেউ তো বিশ্বাসই করে উঠতে পারছেন না এই কথা। বন্ধুর এই কুকীর্তির কথা দ্রুতই পুলিশকে জানান নির্যাতিতার স্বামী। এসপি রাজ কুমার আগরওয়াল জানান, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ওই কর্নেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কর্নেলকে গ্রেফতার করে তাঁর উপযুক্ত শাস্তির কামনা করে ন্যায় বিচার চেয়েছেন ওই দম্পতি।





