দ্বিতীয় দফার লকডাউন প্রায় শেষের মুখে কিন্তু সংক্রমণ থামার কোনও লক্ষণ নেই। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩৩ হাজার ৬১০। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ৬৭ জনের। ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা হল ১০৭৫ জনের। তবে ৮ হাজারের কিছু বেশি মানুষ সুস্থও হয়ে উঠেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এ দেশে সক্রিয় করোনা রোগী সাড়ে ২৩ হাজারেরও বেশি।
তবে দেশের উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লির পরিস্থিতি। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯ হাজার ৯১৫। মৃত্যু হয়েছে ৪৩২ জনের। তার পরেই ৪ হাজার ৮২ জন করোনা আক্রান্ত ধরা পড়েছে গুজরাতে। সেখানে মারা গিয়েছেন ১৯৭ জন। দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৩৯ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৬০ জন। সেখানে মৃত্যু হয়েছে ১৩০ জনের। অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৪০৩ জন আক্রান্ত হয়েছেন। তেলঙ্গানায় সংক্রমিত ১ হাজার ১২ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত বাংলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৫৮। যদিও এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন বাংলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭২ জন। একইসঙ্গে করোনায় বাংলায় মৃত বেড়ে ৩৩।





