গত ২০শে মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা লণ্ডভণ্ড হয়ে গেছে আমফানের জেরে। এবার ফের ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে দেশের আরেক মহানগর। কলকাতার পর এবার বিপর্যয়ের মুখে পড়তে পারে মুম্বই। ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি বেগে হাওয়া বইতে পারে মায়ানগরীতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি লঘুচাপ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। যা সময়ের সাথে সাথে ক্রমশই শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ আরও শক্তিশালী হলে, আগামী ৩রা জুন উত্তর মহারাষ্ট্র বা গুজরাত উপকূলে আঘাত হানতে পারে।
রবিবারের পর্যবেক্ষণ অনুসারে লঘুচাপ ক্ষেত্রটি ইতিমধ্যে সুস্পষ্ট লঘুচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে। লঘুচাপ ক্ষেত্র ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে বুধবারই তা মুম্বই শহরের ওপর আছড়ে পড়তে পারে বলে একাধিক পূর্বাভাসে বলা হয়েছে। সেক্ষেত্রে মুম্বইয়ে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারের ওপরে।
করোনা কবলিত মুম্বই মহানগরীতে ঘূর্ণিঝড় আছড়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। জরুরি অবস্থায় সোশ্যাল ডিসট্যান্সিং মানা সম্ভব না হলে শহরে বাড়বে আরও সংক্রমণ।





