“দেশের জন্য দান করছি!” মদের দাম বৃদ্ধিতেও নিরুত্তাপ সুরাপ্রেমীরা

মদ কেনা মানে দেশপ্রেমিক! এ কেমন দেশপ্রেম, আঁতকে উঠছেন সাধারণ মানুষ। সোমবার মদের দোকান খোলার পরই আনন্দে মেতে উঠেছেন সুরাপ্রেমীরা। ভোর থেকে মদের দোকানের বাইরে সুদীর্ঘ লাইন, কোথাও বা মারামারি-পুলিশের লাঠিচার্জের ঘটনাও ঘটছে। 

এতেই কার্যত হতভম্ব সাধারণ মানুষ। পরিস্থিতি দেখে রাতারাতি এক ধাক্কায় মদের দাম ৭০ শতাংশ বাড়িয়ে দিয়েছে দিল্লি সরকার।  মঙ্গলবার, ৫ মে থেকেই বর্ধিত মূল্য কার্যকর হচ্ছে। যদিও সেই কর দিতে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন সুরাপ্রেমীরা। এটা নাকি তারি দেশের জন্য দান করছেন বলেই জানিয়েছেন।

দিল্লির লক্ষ্মীনগরে একটি মদের দোকানের বাইরে লাইনে দাঁড়ানো এক ব্যক্তির কথায়, ‘৭০% কর দিতে আমাদের কোনও অসুবিধা নেই। এটা যেন দেশের জন্য আমরা দান করছি।’

কনটেইনমেন্ট জোন ছাড়া সোমবার থেকে দেশের অধিকাংশ রাজ্যেই মদের দোকান খুলে গিয়েছে। দীর্ঘদিন পরে মদের দোকান খুলল। প্রথমদিন থেকেই দেশের বিভিন্ন শহরে এক-একটি দোকানের বাইরে রীতমতো হাজার-হাজার মানুষের লাইন লক্ষ্য করা গিয়েছে। অধিকাংশ জায়গাতেই সোশ্যাল ডিস্ট্যান্সিং ভাঙার ঘটনা সামনে এসেছে।

সোমবার সকালে দোকান খোলার আগে থেকেই রাজধানী দিল্লির অধিকাংশ মদের দোকানের সামনেই মানুষের লম্বা লাইন পড়ে যায়। পরিস্থিতি সামলাতে লাঠি চার্জও করতে হয় পুলিশকে। যদিও তাতেও ভ্রূক্ষেপ নেই সুরাপ্রেমীদের। মদ নিয়েই বাড়ি যেতে বদ্ধপরিকর তাঁরা। 

সংক্রমণ ছড়ানোর সমূহ সম্ভাবনা দেখে অবশেষে তাই খুলেও বন্ধ করে দিতে হয় দিল্লির অধিকাংশ মদের দোকান। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে মদে ৭০ শতাংশ নয়া কর বসানোর কথা জানানো হয়েছে। দোকানে ভিড় কমাতে এই দাওয়াই বলে মনে করা হচ্ছে। কিন্তু সেই দামের পরও যে লাইন মঙ্গলবার সকাল থেকে দেখা গেল, তাতে বর্ধিত দাম যে সুরাপ্রেমীদের আনন্দে ভাঁটা ফেলতে পারেনি, তা স্পষ্ট। কারণ তারা তো অতিরিক্ত টাকা দিয়ে দেশের অর্থনীতি চাঙ্গাই করছেন , তাই না!

RELATED Articles

Leave a Comment