বর্তমানে মিডিয়া আমাদের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু সময় এবং অভ্যাস এর অভাবে আমরা খবরের কাগজে রোজ চোখ রাখি না এবং টিভিও অনেক সময় দেখা হয়ে ওঠেনা। রোজকার সংবাদ জানতে আমাদের এখন বড় ভরসা নিউজ পোর্টালগুলি। কিন্তু এতদিন পর্যন্ত এই নিউজ পোর্টাল অর্থাৎ ডিজিটাল মিডিয়ার কোন নিয়ন্ত্রক সংস্থা সরকারিভাবে ছিল না। এবার এই বিষয়ে যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মত ডিজিটাল মিডিয়াতেও এবার যাতে নিয়ন্ত্রক সংস্থা তৈরি হয় তার জন্য আবেদন জানাল কেন্দ্র।
শুক্রবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, শিল্প ও অন্তর্বর্তী বাণিজ্য বিকাশ দপ্তরের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সরকারি অনুমোদন দেওয়া হবে এবং ২৬% ফরেন ডিরেক্ট ইনভেসমেন্ট বা এফডিআই করা হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং সংবাদ আপলোডের জন্য বা স্ট্রিমিং করার জন্য এই ইনভেস্টমেন্ট প্রযোজ্য হবে।
এছাড়াও এই নিয়ন্ত্রক সংস্থা গঠিত হলে ডিজিটাল মিডিয়া একটি ছাতার তলায় আসবে এর ফলে ফেক নিউজ এর রমরমা বন্ধ হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। এই ব্যবস্থায় ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত সাংবাদিক আলোকচিত্রী ও ভিডিওগ্রাফার রা বেশকিছু সুবিধা পাবেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, প্রেস ইনফর্মেশন ব্যুরো দ্বারা অনুমোদিত অ্যাক্রেডিটেশন কার্ড, যার সাহায্যে তাঁরা হাতে-কলমে তথ্য সংগ্রহ করতে পারবেন। সিজিএইচএস-এর আওতায় থাকা সুবিধা এবং রেল ভাড়ায় ছাড়ও মিলবে।
এছাড়াও যাদের কাছে অ্যাক্রেডিশন কার্ড থাকবে তারা ব্যুরো অফ আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন-এর মাধ্যমে ডিজিটাল বিজ্ঞাপন দেওয়ার সুবিধাও পাবেন।
কেন্দ্রীয় সরকারের বক্তব্য যে, ডিজিটাল মিডিয়া যেভাবে এখন বিস্তার লাভ করেছে তাতে তাদের বিভিন্ন সুবিধা পাওয়া প্রাপ্য। এছাড়াও সরকারের সঙ্গে পারস্পরিক সহযোগিতা করার জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মত ডিজিটাল মিডিয়ারও একটি নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজন রয়েছে।
বর্তমানে প্রিন্ট মিডিয়ার নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণ মূলত দেখাশোনা করেন নিউজ ব্রডকাস্টার্স স্ট্যান্ডার্ড অথরিটি। স্বাভাবিকভাবেই ডিজিটাল মিডিয়া কর্মীদের মধ্যে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় স্বস্তির বন্যা বইছে।





