স্ত্রীর বয়স যদি ১৮ বছর হয়, সেক্ষেত্রে বৈবাহিক ধ’র্ষ’ণ কোনও অপরাধ নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের, শুরু বিতর্ক

বৈবাহিক ধ’র্ষ’ণ নিয়ে আমাদের সমাজ এখনও এগোতে পারে নি। বেশিরভাগ মানুষই মনে করেন যে বৈবাহিক ধ’র্ষ’ণ বলে কিছু হয় না। সেটাকে স্বামী-স্ত্রীর মধ্যেকার ‘স্বাভাবিক সম্পর্ক’ বলেই দেগে দিতে চায় সমাজ। এবার এই নিয়ে হাইকোর্টের এক পর্যবেক্ষণে শুরু হল বিতর্ক।

স্ত্রীর বয়স যদি ১৮ বছর বা তার থেকে বেশি হয়, তাহলে আইন অনুযায়ী বৈবাহিক ধ’র্ষ’ণ কোনও অপরাধ নয়। স্ত্রীর বিরুদ্ধে অপ্রাকৃতিক অপরাধের এক মামলায় এক ব্যক্তিকে নির্দোষ ঘোষণা করে আদালত। সেই মামলার শুনানিতেই এমন পর্যবেক্ষণ করল এলাহাবাদ হাইকোর্ট।

কী জানিয়েছে হাইকোর্ট?

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্র বেঞ্চ জানায় যে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারায় ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না। আদালতের পর্যবেক্ষণ, ভারতীয় আইনে বৈবাহিক ধ’র্ষ’ণ এখনও পর্যন্ত কোনও অপরাধ নয়।

হাইকোর্টের তরফে এও জানানো হয় যে বৈবাহিক ধ’র্ষ’ণের বিষয়টি অপরাধের আওতায় আসবে কী না, তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা এখনও বিচারাধীন। বিশেষ করে স্ত্রী যদি প্রাপ্তবয়স্কা হন অর্থাৎ স্ত্রীর বয়স যদি ১৮ বছর বা তার বেশি হয়, তাহলে স্বামীকে কোনও শাস্তি দেওয়া বা জরিমানা করা যায় না। এই নিয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, তার উপর হাইকোর্টের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।   

উল্লেখ্য, এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের পর্যবেক্ষণকে সমর্থন করেছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই সময় এলাহাবাদ হাইকোর্ট জানায়, বৈবাহিক সম্পর্কে কোনও ‘অপ্রাকৃতিক অপরাধ’ হওয়ার জায়গাই নেই। স্ত্রীর উপর শারীরিক বা মানসিক অত্যাচার করা হলেও ৩৭৭ নম্বর ধারায় স্বামীর কোনও শাস্তি হবে না। সেই কারণেই ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ এবং ৩২৩ নম্বর ধারায় উক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলেও ৩৭৭ নম্বর ধারায় তাকে বেকসুর খালাস করেছে হাইকোর্ট।

আরও অন্যান্য খবর