করোনা সংক্রমন রুখতে হঠাৎই দেশব্যাপী লকডাউনের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। যার ফলে পরিযায়ী শ্রমিক, পড়ুয়া এবং পর্যটকেরা অন্য রাজ্যে আটকে পড়েন। দফায় দফায় দেশে লকডাউন জারি হওয়ায় তাদের বাড়ি ফেরা দুস্কর হযে ওঠে। এবার তাদেরই ঘরে ফেরানোর পালা। পরিযায়ী শ্রমিক, পর্যটক এবং পড়ুয়াদের নিজ রাজ্যে পৌঁছে দিতে এবার বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল। ওই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘শ্রমিক ট্রেন’।
কিন্তু এই ট্রেনের টিকিট কোথায় মিলবে? তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এবার কীভাবে পাওয়া যাবে এই ট্রেনের টিকিট পড়ে নিন জানুন বিস্তারিত।
** এই ট্রেনের টিকিট কাটতে কোনও যাত্রীকে স্টেশনে আসতে হবে না, রেলের তরফ থেকে প্রতিটি রাজ্যে নোডাল অফিসার মোতায়েন করা হচ্ছে। যাত্রীরা রাজ্যের নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করলে পাস পেয়ে যাবেন।
** নোডাল অফিসাররা প্রত্যেক যাত্রীকে পাস দেবেন।
** প্রত্যেক যাত্রীর টিকিটের দাম ঠিক হবে, সেই দূরত্বের মেল ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া, সঙ্গে অতিরিক্ত ৫০ টাকা। এবার রাজ্যের ওপর নির্ভর করছে, এই টাকা রাজ্য নিজে দেবে না যাত্রীর কাছ থেকে নেবে।
রাজ্য রেলকে জানাবে কত জন যাত্রী ট্রেনে উঠবেন আর তাদের গন্তব্যস্থল কোথায়। যাত্রীদের যাত্রার উত্স এবং গন্তব্য যদি ভিন্ন রাজ্য হয়, তাহলে দুই রাজ্য আলোচনা করে নাম নথিভুক্ত করবে সে সব যাত্রীদের। উত্স-রাজ্য সেই তালিকা রেলের হাতে তুলে দেবে। সেই মতো টিকিট ছাপাবে রেল।





