রেড জোনগুলিতে ১৭ই মের পরও লকডাউন জারি থাকতে পারে, খবর সূত্রের

করোনা পরিস্থিতিতে গত ৩রা মে থেকে তৃতীয় দফার লকডাউন চলছে দেশে। যার মেয়াদ ১৭ মে পর্যন্ত ধার্য করা হয়েছে। কিন্তু এর মধ্যেও দেশে সংক্রমন বেড়েই চলেছে। তাই ১৭ মে তে কি আদৌ লকডাউন শেষ হবে নাকি আরও কিছুদিন এই লকডাউন জারি থাকবে? সেই বিষয়েই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করতে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠকের আয়োজন করেন।

সূত্রের মতে, আপাতত ১৭ মে-র পরও কিছু জায়গায় লকডাউন জারি থাকবে।

এক সর্বভারতীয় বেসরকারী সংবাদসংস্থা সূত্রে খবর, ১৭ই মে’র পরও দেশের রেড জোন গুলির ক্ষেত্রে লকডাউনের নির্দেশ জারি থাকবে। তবে যেসব জায়গাগুলিতে সংক্রমণ ছড়ায়নি সেখানে লকডাউনের নিয়ম শিথিল করা হতে পারে। রেড জোনগুলিতে সম্ভবত গণপরিবহনও বন্ধ থাকবে। এছাড়া সন্ধ্যে সাতটার পর বেরোনোর ওপরও নিষেধাজ্ঞা জারি থাকবে।

এদিকে প্রধানমন্ত্রীর বৈঠকের পর একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী বলেছেন লকডাউনের প্রথম পর্যায়ে যে নিয়মগুলি জারি করা হয়েছিল তা দ্বিতীয় পর্যায়ে আর প্রয়োজন নেই, আবার দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল তা তৃতীয় পর্যায়ে আর দরকার নেই।

এদিনের বৈঠকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, এই মুহূর্তে মহারাষ্ট্রে লকডাউন বাড়ানো ব্যতীত আর কোনও উপায় নেই। তাঁর সাথে সহমত পোষণ করেন পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীরাও। তবে পরবর্তী লকডাউন কতদিন পর্যন্ত বাড়ানো হতে পারে, সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এদিন বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, ‘পশ্চিমবঙ্গ নিজের সেরাটা দিচ্ছে কিন্তু কঠিন সময়ে রাজনীতি করছে কেন্দ্র। এমনকি আমাদের মতামত কেউ নেওয়ার প্রয়োজন বোধ করছে না।’ তাঁর মতে কিছু কিছু রাজ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। কেন্দ্র তাদের ‘স্ক্রিপ্ট’ ফলো করছে বলেই মন্তব্য করেন তিনি।

লকডাউন বা লকডাউন পরবর্তী সময় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কী করা যেতে পারে তা নিয়ে আলোচনার জন্যই মুখ্যমন্ত্রীদের সঙ্গে সোমবার বৈঠক করেন মোদী। আর সেই বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে নিজের সমস্ত অভিযোগ উগড়ে দেন তিনি।

RELATED Articles

Leave a Comment