আজ বিকেলে লকডাউনের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসেন। লকডাউন কি আদৌ ১৭ তে শেষ হবে নাকি দেশে সংক্রমনের ঘটনাকে মাথায় রেখে আরও বাড়তে চলেছে লকডাউনের সীমা এমন সব বিষয়ে কেন্দ্রের সাথে আলোচনা করতেই ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যুক্ত হন।
সোমবার বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজের মতামত জানান। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের সেরাটাই দিচ্ছে পশ্চিমবঙ্গ। এই সময় কেন্দ্রীয় সরকারের এই বিষয় রাজনীতি করা বন্ধ করে রাজ্যের পাশে দাঁড়ানো উচিত।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমাদের রাজ্যের চারিদিকে আন্তর্জাতিক সীমানা রয়েছে।সেখানেও কড়া নজরদারি রাখতে হচ্ছে আমাদের। আর এই আন্তর্জাতিক সীমানা থাকার দরুন আমাদের বিপদ অনেকাংশে বেশি। এর মধ্যেও আমরা করোনা মোকাবিলায় আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করে চলেছি অবিরত।এই সময় কেন্দ্রের রাজনীতি করা বন্ধ করা উচিত।’
সঙ্গে তিনি বলেন, ‘এই করোনার আবহের মধ্যেও সমস্ত সংবাদমাধ্যেম রাজ্য সরকারের বিরোধিতা করে খবর প্রকাশ করছে। এতে আমি অত্যন্ত ক্ষুব্ধ।‘ সঙ্গে তাঁর দাবি, কেন্দ্রের এখন সব রাজ্যকে সমান গুরুত্ব দিতে হবে। তিনি কেন্দ্রের কাছে অনুরোধ করে বলেন, ‘আমার অনুরোধ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আপনারা সম্মান করুন।’





