এবার বাংলা পেতে চলেছে ৪১৭.৭৫ কোটি টাকা, বড় আর্থিক প্যাকেজের ঘোষণা কেন্দ্রের

১৫ তম অর্থ কমিশনের সুপারিশে এবার ১৪টি রাজ্যকে আর্থিক সাহায্যের ঘোষণা করল কেন্দ্ৰীয় সরকার। সোমবার রাতে মোট ১৪টি রাজ্যের জন্য মোট ছয় হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। করোনা রুখতে কেন্দ্র যে রাজ্যগুলির পাশেই রয়েছে তা বোঝাতেই আর্থিক প্যাকেজের ঘোষণা। এই ১৪টি রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও। বাংলার ঝুলিতে এবার আসতে চলেছে মোট ৪১৭.৭৫ কোটি টাকা। সোমবার রাত ন’টার সময় এই বিষয়ে ট্যুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

তিনি জানান, কেন্দ্র মোট ৬১৯৫ কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করেছে ১৪টি রাজ্যের জন্য। কিন্তু সব রাজ্যকে সমান টাকা দেওয়া হচ্ছে না। তালিকায় যে রাজ্যগুলির নাম রয়েছে, তার মধ্যে সর্বাধিক অর্থ পাচ্ছে কেরল সরকার। তাদের ঝুলিতে যাচ্ছে ১,২৭৬.৯১ কোটি টাকা। এরপর পঞ্জাব ৬৩৮ কোটি টাকা, আর পশ্চিমবঙ্গের ভাণ্ডারে আসতে চলেছে ৪১৭.৭৫ কোটি টাকা।

এর আগে ৩রা এপ্রিল অর্থমন্ত্রক এই আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন। এই ১৪টি রাজ্যের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গ। সোমবার লকডাউনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। আর সেই বৈঠকে লকডাউন বাড়ানোর আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও চারটি রাজ্য লকডাউন জারি রাখার আর্জি জানিয়েছে। তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও তেলেঙ্গানা। তবে কতদিন এই নির্দেশ জারি হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

RELATED Articles

Leave a Comment