“ভগবান রাম রয়েছেন সমাজবাদী পার্টির সঙ্গে। আমরা রামভক্ত এবং কৃষ্ণভক্ত”! বিজেপির রাম ভক্তি কে কটাক্ষ অখিলেশ যাদবের

ভগবান রাম কার? সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলছেন ‘আমার’। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে আখিলেশ বলেন, ভগবান রাম রয়েছেন সমাজবাদী পার্টির  সঙ্গে। এই দলের সদস্যরা কেবল রামভক্তই নন, তাঁরা কৃষ্ণভক্তও।

প্রসঙ্গত গতকাল অর্থাৎ সোমবার নিজের লোকসভা কেন্দ্র আজমগড়ে যান তিনি। সেখান থেকে লখনউ ফেরার পথে যান অযোধ্যায়। সেখানেই এমন কথা বলতে শোনা গেল তাঁকে। এর আগে‌ও বিজেপির রামভক্তিকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, ভগবান রাম কেবল বিজেপির একার নন। সেই সুরেরই প্রতিফলন দেখা গেল আবার।

এদিন অযোধ্যায় নিজের দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। যোগী সরকারকে উৎখাত করে ২০২২ সালে ক্ষমতায় প্রত্যাবর্তনের দাবিও করেন। জানিয়ে দেন, ৪০৩টি আসনের মধ্যে ৩৫১টিতেই জিতবে তাঁর দল। সেই প্রসঙ্গেই সমাজবাদী পার্টির সঙ্গে রামের একাত্মতা বোঝান অখিলেশ। তাঁর কথায়, “ভগবান রাম রয়েছেন সমাজবাদী পার্টির সঙ্গে। আমরা রামভক্ত এবং কৃষ্ণভক্ত।”

এছাড়াও আগামী নির্বাচনে রণনীতির কথাও জানান অখিলেশ। আভাস দেন আগামী নির্বাচনে ছোট দলগুলোর সঙ্গে জোট বাঁধার।এদিন সেকথা জানিয়ে অখিলেশ বলেন, “সমাজবাদী পার্টি আগামী বিধানসভা নির্বাচনে ছোট দলগুলির সঙ্গে জোট বাঁধবে। বড় দলের সঙ্গে আমাদের অভিজ্ঞতা একেবারেই ভাল নয়।”

RELATED Articles