পশ্চিমবঙ্গ-সহ দেশের চার রাজ্যে থাকবে বিরাট হনুমানজির মূর্তি, হনুমান জয়ন্তীর দিন বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আজ, শনিবার হনুমান জয়ন্তী। আর এদিনই এক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান যে বাংলা-সহ দেশের চার রাজ্যে থাকবে হনুমানজির বিরাট মূর্তি। আজ গুজরাতের মোরভিতে হনুমান মূর্তি উন্মোচনে এমনটাই জানান তিনি।

আজ হনুমান জয়ন্তী উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাতের মোরভিতে ভগবান হনুমানের ১০৮ ফুট মূর্তির উন্মোচন করেন মোদী। এদিন তিনি বলেন যে দেশের নানান প্রান্তে হনুমানজির ১০৮ ফুট উঁচু মূর্তি স্থাপন করা হচ্ছে। হনুমানজির চারধাম প্রকল্পের অংশ হিসেবে গুজরাতের এই হনুমান মূর্তি দেশের চার প্রান্তে নির্মিত চারটি হনুমানজির মূর্তির মধ্যে দ্বিতীয় মূর্তি।

এর আগে এমন মূর্তি সিমলায় স্থাপন করা হয়েছিল বলে জানান মোদী। এরপর তা গোল গুজরাতের মোরভিতে। এই মূর্তিটি স্থাপন করা হয়েছে গুজরাতের মোরভি বাপু কেশবানন্দজির আশ্রমে। এরপর এমনই মূর্তি স্থাপনের কাজ চলছে দক্ষিণের রামেশ্বরমে ও পূর্বের পশ্চিমবঙ্গে।

এই হনুমান মূর্তি স্থাপন সিরিজের প্রথম মূর্তিটি স্থাপিত হয়েছিল ২০১০ সালে উত্তরে হিমাচল প্রদেশের সিমলায়। দক্ষিণে রামেশ্বরমে চলছে তৃতীয় মূর্তিটির স্থাপনের কাজ। মোদী জানান যে পশ্চিমবঙ্গেও হবে হনুমান মূর্তি স্থাপনের কাজ।

এদিন প্রধানমন্ত্রী বলেন, এই মূর্তি স্থাপনের উদ্দেশ্য যে শুধু হনুমান মন্দির স্থাপন করা, তা নয় । তাঁর কথায়, এই কাজ ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ সঙ্কল্পেরও একটি অংশ। এদিনের বক্তৃতায় মোদী মনে করিয়ে দেন যে হনুমান তার ভক্তি এবং সেবাভাবের সাহায্যে সবাইকে এক করে রাখেন।

আরও অন্যান্য খবর