তৃণমূলকে নববর্ষের উপহার দিয়েছে মানুষ। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর এমনই টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, শনিবার রাজ্যের উক্ত দুই কেন্দ্রে ছিল উপনির্বাচনের ভোটগণনা। দুই কেন্দ্রেই তৃণমূলের জয় নিশ্চিত হতেই মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পক্ষে জনমত দেওয়ার জন্য আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের মা-মাটি-মানুষ সংগঠনের প্রতি আমাদের মানুষের নববর্ষের উপহার হিসেবে বিবেচনা করছি। আবারও আমাদের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ”।
I sincerely thank the electors of the Asansol Parliamentary Constituency and the Ballygunge Assembly Constituency for giving decisive mandate to AITC party candidates. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2022
We consider this to be our people's warm Shubho Nababarsho gift to our Ma- Mati- Manush organization. Salute to the voters for reposing faith in us, yet again.(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2022
শেষ পাওয়া খবর অনুযায়ী, আসানসোলে প্রায় দু’লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সাতটি বিধানসভা কেন্দ্রে পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তবে, ট্রেন্ড বলছে আসানসোলে ঘাসফুলই ফুটবে শেষ পর্যন্ত।
অন্যদিকে, বালিগঞ্জে ২০ হাজারের বেশি ভোটে জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। তৃণমূলের ভোট সেখানে কমলেও জয় হয়েছে তাদেরই। তবে ভোটব্যাঙ্কে এমন ধস বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বালিগঞ্জে ‘নো ভোট টু বাবুল’ বেশ প্রভাব ফেলেছে। তাছাড়া, আসানসোলে হিংসার সময় বাবুলের ভূমিকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার জন্য তৃণমূলের থেকে সংখ্যালঘু ভোট থেকে সরে গিয়ে তা পড়েছে সিপিএমের ঝুলিতে।





