আদানি ইস্যু (Adani issue) নিয়ে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ (Rahul Gandhi) নানান বিরোধী নেতারা। এমন আবহেই গতকাল, বুধবার ১ ঘণ্টারও বেশি সময় ধরে সংসদে বক্তব্য রাখেন মোদী। এরপর আজ, বৃহস্পতিবারও রাজ্যসভায় (Rajya Sabhan) বিরোধীদের বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই দেখা মেলে প্রধানমন্ত্রীর।
এদিন প্রধানমন্ত্রী ভাষণ শুরু করলেই নানানভাবে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। এহেন পরিস্থিতিতে মোদী কটাক্ষ করে বলেন, “সমস্যা সমাধানের চেষ্টাই নেই বিরোধীদের। তাদের হাতে কাদা আছে, তারা সেটাই ছুঁড়ছে। যতই কাদা ছেটানো হবে ততই পদ্ম ফুটবে”। এরপর রীতিমতো শায়েরি শুনিয়ে মোদী বলেন, ”কিচাড় উসকে পাস থা, মেরে পাস গুলাল। জো ভি জিসকে পাস থা, উসনে দিয়া উছাল”।
এর পাশাপাশি বেশ অভিমানের সুরেই প্রধানমন্ত্রী বলেন, “সংসদে কয়েকজনের ব্যবহার নিরাশ করে”। শুধু তাই-ই নয়, কংগ্রেস শিবিরকে কাঠগড়ায় তুলে মোদীর দাবী, “দেশের উন্নয়নে কোনও ভূমিকাই নেই কংগ্রেসের”।
আদানি ইস্যু নিয়ে লোকসভা এমনিতে বেশ উত্তপ্তই ছিল। এই বিরোধিতা যে প্রধানমন্ত্রী ভালোভাবে নেন নি, তা বেশ স্পষ্ট ছিল তাঁর শরীরী ভঙ্গিতেই। এদিন প্রধানমন্ত্রী ভাষণের মধ্যেই “মোদী-আদানি ভাই ভাই” স্লোগান তোলে বিরোধীরা। এমনকি, “পিএম মোদী কুছ তো বোলো”, এমন কথা বলেও চিৎকার শুরু করে বিরোধীরা।
এই বিরোধিতার প্রেক্ষিতে জবাব দিতে গিয়ে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই কথা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকেই প্রধান আক্রমণ শানান তিনি। বলেন, “আমি ২০১৪ সালে যখন প্রধানমন্ত্রী হই, তখনই দেখেছিলাম কংগ্রেস সর্বত্র সব ইস্যুতেই সমস্যা তৈরি করে”। এমনকি, মোদী এও দাবী করেন যে তাঁর সরকারই গরীবদের জন্য অনেক কাজ করেছে, কংগ্রেস তা করে নি।





