গত কয়েক মাসে দেশে অক্সিজেন উৎপাদন বেড়েছে প্রায় দেড় গুন, উচ্চপর্যায়ের বৈঠকে দাবী মোদীর

দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যে বিষয়টি সবথেকে বেশি মাথাচাড়া দিয়েছে, তা হল অক্সিজেনের ঘাটতি। এই অবস্থায় দেশের করোনা পরিস্থিতি ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা খতিয়ে দেখতে গতকাল, মঙ্গলবার উচ্চস্তরীয় রিভিউ বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে মোদী জানান যে কোনও প্রকারে দেশের নানান প্রান্তে অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে।

তিনি এও বলেন যে অক্সিজেন প্ল্যান্ট তৈরির দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের যাতে নির্দেশ দেওয়া হয় যে তারা যেন দ্রুত রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয়সাধন করে। যত তাড়াতাড়ি সম্ভব যাতে পিএসএ অক্সিজেন প্ল্যান্টগুলি তৈরি করে, সেরকম নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- অক্সিজেনের ট্যাঙ্কারগুলিকে অ্যাম্বুলেন্সের মতো বিবেচনা করার প্রস্তাবে সায় রাজ্যগুলির, সুপ্রিম কোর্টে দাবী শাহ্’র

দেশের সব বড় শহরেই অক্সিজনের অভাবে কমবেশি সমস্যায় পড়তে হচ্ছে করোনা রোগীদের। বিশেষ করে দিল্লি এবং মহারাষ্ট্রে এই সমস্যা সবচেয়ে বেশি। অবস্থা শোচনীয় অন্য রাজ্যগুলিতেও। এমনকি,  কলকাতাতেও অক্সিজেন সংকট চরমে। তবে কেন্দ্রের তরফে দাবী, দেশে অক্সিজেনের উৎপাদন ক্রমশ বাড়ানো হচ্ছে।

মঙ্গলবারের রিভিউ বৈঠকের পর কেন্দ্রের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কথা ভেবে গতবছর আগস্ট মাস থেকেই অক্সিজেন উৎপাদন বাড়ানোর কাজ শুরু করেছে সরকার। এই মুহূর্তে দেশের অক্সিজেনের উৎপাদন আগস্ট মাসের প্রায় দেড়গুণ। গতবছর আগস্টে যেখানে দৈনিক ৫ হাজার ৭০০ মেট্রিক টন তরল অক্সিজেন তৈরি হত, সেখানে ২৫ এপ্রিল ভারত দৈনিক ৮ হাজার ৯২২ মেট্রিক টন তরল অক্সিজেন উৎপাদন করছে। চলতি মাসের শেষ পর্যন্ত তা আরও বেড়ে হবে ৯ হাজার ২৫০ মেট্রিক টন। উৎপাদনের পাশাপাশি অক্সিজেন সরবরাহে যাতে কোনওরকম ঘাটতি না হয়, তা নিশ্চিত করতে অক্সিজেন এক্সপ্রেস চলাচলের বিষয়টিও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- অব্যবহৃত টিকা ফেরত চাইল সরকার, রাজ্যের বেসরকারি হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তা 

প্রসঙ্গত, দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে ইতিমধ্যেই দেশজুড়ে ৫৫১টি মাইক্রো অক্সিজেন প্লান্ট তৈরির নির্দেশ দিয়েছেন মোদী। যা চিকিৎসাক্ষেত্রে প্রয়োজনীয় অক্সিজেনের জোগান দেবে। দেশজুড়ে এই প্লান্টগুলি তৈরি করতে প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া হবে পিএম কেয়ার্স তহবিল থেকে।

RELATED Articles