১৩ এপ্রিল ১৯১৯। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল ইংরেজ অফিসার জেনারেল ডায়ার। দুই জাতীয় নেতা সত্য পাল ও সইফুদ্দিন কিচলিউরের গ্রেপ্তারের নিন্দার জন্য জনসভাস্থলে শান্তিপূর্ণভাবে মানুষজন জড়ো হলে জেনারেল ডায়ারের নির্দেশে শ’য়ে শ’য়ে নিরাপরাধ মানুষের দিকে গুলি ছুড়েছিল ইংরেজ পুলিশ আধিকারিকরা। প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানু্ষ। ব্রিটিশ সরকারের রেকর্ড অনুযায়ী, এই নৃশংস হত্যাকান্ডে পুরুষ, মহিলা ও শিশু সহ ৩৭৯ জন মারা যান এবং প্রায় ১,২০০ জন আহত হয়েছিলেন। অন্যান্য উৎস অবশ্য মৃতের সংখ্যা এক হাজারেরও বেশি বলে দাবি করে।
সেই জালিয়ানওয়ালাবাগের হত্যালীলায় প্রাণ হারিয়ে যারা শহিদ হয়েছেন সোমবার তাঁদের উদ্দেশ্যে টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, ‘আগামী বছর গুলিতেও তাঁদের এই বীরত্ব ভারতবাসীকে অনুপ্রাণিত করবে।’ টুইট করেন, ‘এই দিন জালিয়ানওয়ালাবাগে নির্মমভাবে নিহত হওয়া শহিদদের প্রতি আমি প্রণাম জানাই। আমরা তাঁদের সাহস ও ত্যাগকে কখনই ভুলব না।’ প্রধানমন্ত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে তাঁর আগের জালিয়ানওয়ালাবাগ স্মৃতিসৌধে যাওয়ার একটি ছবিও শেয়ার করেছেন।





