দেশের অগ্রগতির জনু আগামী ২৫ বছর খুব গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালের মধ্যে শহিদদের স্বপ্নপূরণ হবে। আর সেই স্বপ্নপূরণের জন্য এবার ‘পঞ্চ সংকল্প’ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে এই পঞ্চ সংকল্প নিয়ে কথা বলেন মোদী।
এই পঞ্চ সংকল্প হলঃ
- বিকশিত ভারত
- দাসত্ব থেকে মুক্তি
- উত্তরাধিকার নিয়ে গর্ব
- ঐক্য
- নাগরিক কর্তব্য
বিকশিত ভারতঃ দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে অগ্রগতির প্রয়োজন। স্বাধীনতার শতবর্ষপূর্তির আগেই আড়াই কোটি মানুষের ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে হবে। টিকাকরণ, স্বচ্ছতায় জোর দিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী এদিন। দেশের যুব সমাজকেই এই কাজ করতে হবে। মোদীর কথায়, যুবসমাজের উপরেই দেশের আগামী ২৫ বছর নির্ভর করে রয়েছে।
দাসত্ব থেকে মুক্তিঃ প্রধানমন্ত্রীর কথায়, দেশের মানুষ ২০০ বছর ব্রিটিশদের গোলামি করেছে। পরাধীন থেকেছে। সেই পরাধীনতার রেশ যাতে একটুও না থাকে, তার জন্য নয়া শিক্ষানীতি আনতে হবে। দেশের প্রতিটি ভাষা নিয়ে গর্ব করতে হবে বলে জানান মোদী।
উত্তরাধিকার নিয়ে গর্বঃ এদিন মোদী বলেন, “আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করতে হবে। তবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমরা মাটির সঙ্গে সম্পর্ক তবে আকাশ ছোঁয়া সম্ভব”।
ঐক্যঃ বৈচিত্র্যের মধ্যেই ঐক্য, এটাই ভারতের পরিচয়। এদিন প্রধানমন্ত্রী বলেন, “অনেকেই মনে করেন, ভারতে এত জাতি-ধর্ম-বর্ণ রয়েছে, সেটাই হয়তো ভারতের অগ্রগতির পথে মূল বাধা। কিন্তু এটাই যে ভারতের সবচেয়ে বড় শক্তি তা বিশ্বকে বুঝিয়ে দিতে হবে”।
নাগরিক কর্তব্য পালনঃ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে দায়িত্ব নিতে হবে দেশবাসীকেই। কর্তব্য পালন করতে হবে সকলকে। মোদীর কথায়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউই এই কর্তব্যের বাইরে নয়।





