অনেক টাকা খরচ করে বিয়ে করার বদলে গণবিবাহের মাধ্যমে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিয়ের অনুষ্ঠানে অনেক টাকা খরচ না করে সেই টাকা সন্তানের ভবিষ্যতের জন্য জমা করার পরামর্শ দেন তিনি। গুজরাতের নির্বাচনী প্রচারে গিয়ে সেখানে এক গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে একথাই বলেন নরেন্দ্র মোদী।
গুজরাতের ভাবনগরে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মোট ৫৫১ জন দম্পতি একসঙ্গে বিয়ে করেন। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘পাপা নি পরি’ লগ্নোৎসব।
সেখানেই নবদম্পতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, “সম্প্রতি গুজরাটের মানুষ গণবিবাহ নিয়ে বেশ উৎসাহী। আগে মানুষ বিয়ের অনুষ্ঠান করার জন্য অন্যদের কাছে হাত পাততে হত। কিন্তু এখন সকলে অনেক সচেতন হয়ে গিয়েছে। গণবিবাহের অনুষ্ঠানে গিয়েই তাঁরা বিয়ে সেরে ফেলছেন”।
বিয়ের অনুষ্ঠানের জন্য যে পরিমাণ টাকা খরচ হয়, সেই টাকা সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকেই শ্রেয় বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “বহুদিন ধরে নববিবাহিতদের একটাই উপদেশ দিয়ে আসছি। অনেক সময়ে সমাজ ও পরিবারের চাপে পড়ে বিয়ের অনুষ্ঠান করতে বাধ্য হন নবদম্পতিরা। কিন্তু সেটা করার দরকার নেই। যদি পয়সা থাকে, তাহলে সেটা সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা উচিত”।
এই গণবিবাহ অনুষ্ঠানে মোদী আরও বলেন, “সমাজ গঠনে নবদম্পতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। খাবারের অপচয় বন্ধ করা বা বর্জ্য পদার্থকে ফের কাজে লাগানো- এই সমস্ত কাজে মানুষকে সচেতন করে তুলতে পারেন নবদম্পতিরা”।
বলে রাখি, গতকাল, রবিবার থেকেই গুজরাতে নির্বাচনী প্রচার শুরু করেছেন নরেন্দ্র মোদী। গত ৬টি বিধানসভা নির্বাচনে এ রাজ্যে টানা জিতে আসছে বিজেপি। এবারও পাল্লা ভারী তাদের দিকেই। তবে কংগ্রেসও জোর চেষ্টা চালাচ্ছে ফের ক্ষমতায় ফেরার। আগামী ১লা ডিসেম্বর থেকে নির্বাচন শুরু হবে গুজরাতে।





