ভারতে দিন প্রতিদিন বেড়েই চলেছে করোনা সংক্রমনের সংখ্যা। তবে কি করোনা তার সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে? এরপর কি তবে করোনার গ্রাফ কমতে শুরু করবে? সেভাবে দ্রুত কেসের সংখ্যা সব রেকর্ড ছাড়াচ্ছে, সেখানে অনেকের ধারণা খুব তাড়াতাড়ি হয়তো এবার নিম্নমুখী হবে করোনার প্রভাব। এবার সেই ধারণায় রীতিমত জল ঢেলে দিল Indian Council of Medical Research (ICMR)। গতকাল থেকে দেশে শুরু হয়েছে আনলক পর্ব ১। শুধু কনটেনমেন্ট জোন বাদে সব জায়গায় কার্যত এখন শিথিল হয়েছে লকডাউন।
ICMR-এর বিশেষজ্ঞ নিবেদিতা গুপ্ত আজ স্বাস্থ্যমন্ত্রকের বৈঠকে সংবাদমাধ্যমকে জানান, আপাতত করোনার সর্বোচ্চ স্তরে পৌঁছতে অনেক দেরি আছে। তাই এখন এমনভাবেই বাড়বে কেসের সংখ্যা। তবে এখন অবধি করোনা মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা খুব ভালোই কাজে দিয়েছে বলে জানান আইসিএমআর প্রতিনিধি। তার ফলেই দেশে মৃত্যুর হার কম হয়েছে ।
বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৮,৭০৬। তার মধ্যে সক্রিয় কেসের সংখ্যা ৯৭,৫৮১। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৫, ২৫৭জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৫৫৯৮। ভারতে এখন রিকভারি রেট প্রায় ৫০ শতাংশ এবং মৃত্যুহার এখন তিন শতাংশের কম। এই দুই তথ্যকে বারবারই উল্লেখ করেছেন কেন্দ্রীয় সরকার। যদিও এই মুহূর্তে করোনা সংক্রমনের নিরিখে ভারত বিশ্বের মধ্যে সপ্তম স্থানে উঠে এসেছে।
তবে সরকার বলছে এভাবে তুলনা করা উচিত না। অন্যান্য দেশের থেকে ভারতের জনসংখ্যা অনেক বেশি। তাই সামগ্রিকভাবে কেসের সংখ্যা বেশি হলেও শতাংশের হিসাবে দেশ অনেক ভালো জায়গায় রয়েছে।





