পশ্চিমবঙ্গে আমফানের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে মহারাষ্ট্রের বুকে ঝাঁপিয়ে পড়ল নিসর্গ। কিছুদিন ধরেই এই ঝড়ের পূর্বাভাস দিচ্ছিলেন আবহাওয়া দপ্তর।সেই অনুযায়ী দুপুর ১টায় মহারাষ্ট্রের দক্ষিণ আলিবাগ অঞ্চলে ল্যান্ডফল করল সাইক্লোন নিসর্গ।
ঘণ্টায় প্রায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে, এমনটাই পূর্বাভাস দিয়েছিলেন আবহবিদরা। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার আমফানের পর নিসর্গই এই বছরের ভারতের অন্যতম বৃহৎ ঘূর্ণিঝড়।
আবহবিদদের মতে এর প্রভাব পড়বে পার্শ্ববর্তী রাজ্য গুজরাটেও। সাইক্লোনের ভয়াবহতা আঁচ করে ইতিমধ্যেই নানান সুরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য।
মহারাষ্ট্রে জারি হয়েছিল রেড অ্যালার্ট। পাশাপাশি সময় থাকতে উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় ১৫,০০০ পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক বিপর্যয় মোকাবিলা টিম সর্বদা তৎপর রয়েছে।
ইতিমধ্যে থানে ও মুম্বই এলাকায় বিপুল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। একদিকে করোনা অন্যদিকে নিসর্গ দ্বৈত দাপটের জেরে সংক্রমন বাড়ার আশঙ্কা প্রবল। ইতিমধ্যেই সংক্রমনের নিরীখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।





