২৬ বছরের কাজ ৬ বছরে করেছে তাঁর সরকার, এতদিন টানেলের কাজ এগোনো না নিয়ে কংগ্রেসকে তীর বিঁধলেন প্রধানমন্ত্রী

ফের একবার কংগ্রেসকে কটাক্ষ করে শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তার হাতিয়ার অটল টানেল। আজ দীর্ঘদিনের প্রতীক্ষিত অটল টানেলের উদ্বোধন করতে হিমাচল প্রদেশ যান মোদী। এই টানেলকে জাতির উদ্দেশে উৎসর্গ করেন তিনি। সেখানেই টানেলের কাজের মন্থরতা নিয়ে কংগ্রেসকে এক হাত নিলেন তিনি।

মোদী জানান, এই প্রকল্পের বীজ বুনেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। সেই কাজ শেষ হওয়ার কথা ছিল ৭ বছরে কিন্তু সেই কাজ থমকে যায়। সেই অটল টানেলকে বাস্তবায়িত করতে লেগে গেল ২০টা বছর। কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, যে গতিতে আগে টানেল তৈরির কাজ চলছিল, সেভাবে চলতে থাকলে ২০৪০সালের আগে কাজ শেষ হত না। সেই কাজই তাঁর সরকার ২৬ বছরের জায়গায় ৬ বছরে করে দেখিয়েছে।

প্রকল্পের কাজে দেরী হওয়ার ফলে বেড়েছে খরচও। আগের সরকার যদি সঠিকভাবে এই টানেলকে বাস্তবায়িত করত, তবে অনেকদিন আগেই অনেক কম খরচে এই টানেল তৈরির কাজ শেষ হয়ে যেত বলে মনে করেন প্রধানমন্ত্রী। এই টানেল যে শুধু হিমাচল প্রদেশ নয় গোটা দেশের আর্থিক ও সুরক্ষা বৃদ্ধিতে একটা গুরুত্ব রাখে, তা কংগ্রেস সরকার একবারও ভাবেনি। অন্যদিকে, কাজ বিলম্ব হওয়ার কারণে কোনও দুর্নীতি ঘটেছে কী না, সেদিকেও আলোকপাত করান মোদী।

কংগ্রেস কালে একাধিকবার এই সুরঙ্গ তৈরির ঠিকাদার সংস্থা বদলানো হয়েছে কিন্তু মোদী সরকারের জমানায় বর্ডার রোড অর্গানাইজেশনের দক্ষতার উপর নির্ভর করেই এই টানেল তৈরির কাজ শেষ হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অটলবিহারী বাজপেয়ীর নামে শুরু হওয়া অনেক প্রকল্পের কাজ স্থগিত হয়ে আছে। কেন্দ্রের এনডিএ সরকার ব্যতীত এই সমস্ত কাজ শেষ হওয়া সম্ভব নয়। এই প্রকল্পগুলি শেষ না করার পিছনে কংগ্রেসের ষড়যন্ত্র আছে, এও স্পষ্ট করে জানান তিনি। আগের সরকারকে শানিয়ে মোদী জানান, সব সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের উন্নয়ন ও আর্থিক বৃদ্ধির হারকে মন্থর করে দেওয়ার চেষ্টা চলেছে। কিন্তু তাঁর সরকারের প্রধান উদ্দেশ্য যে সকলের সঙ্গে সকলের দ্রুত বিকাশ ঘটানো, সেও নিজের বক্তব্যে স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

RELATED Articles

Leave a Comment