আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় গোটা রাজ্য-সহ দেশ উত্তাল। নানান প্রান্তে চলছে বিক্ষোভ-আন্দোলন। তরুণী চিকিৎসককে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সকল স্তরের মানুষ। দোষীদের শাস্তির দাবী সকলের মুখে। এমন আবহে আর জি কর কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আর জি কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া দেন রাষ্ট্রপতি। এই ঘটনা নিয়ে যে তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও ব্যথিত, তা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট। তিনি বলেছেন, “যথেষ্ট হয়েছে। কোনও সভ্য সমাজই মা-বোনদের উপর হওয়া এমন নির্যাতন মেনে নেবে না। সৎ, নিরপেক্ষ মানুষের প্রয়োজন সমাজের যিনি নিজেকেই কঠিন প্রশ্নের মুখে ফেলতে পারবেন”।
এরপরই নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্ভয়া কাণ্ডের পর ১২ বছরেও অগুনতি ধর্ষণের ঘটনা ঘটেছে যা সমাজ ভুলতে গিয়েছে। এই ভুলে যাওয়া রোগটাই মারাত্মক। নারীজাতিকে প্রায়শই কম শক্তিশালী, কম যোগ্য ও কম বুদ্ধিমত্তা হিসেবে ভাবা হয়ে থাকে”।
রাষ্ট্রপতির কথায়, “সমাজ ইতিহাসের সম্মুখীন হতে ভয় পায়। কিন্তু আজ ছাত্রছাত্রী থেকে চিকিৎসক, নাগরিক সমাজ সকলে রাস্তায়। কিন্তু অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছে। এবার সময় এসেছে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার”।
বলে রাখি, আর জি কর কাণ্ডে এখনও পর্যন্ত একজনকেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও এখনও কোনও সুরাহা হয়নি এই ঘটনার। অনেকেরই দাবী, এই ঘটনায় একাধিক মাথা যুক্ত। কিন্তু সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি যেন সকলকেই নিরাশ করছে।
আরও পড়ুনঃ ‘কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হচ্ছে না, সিবিআইকে জবাব দিতে হবে…’, অবশেষে আর জি কর কাণ্ড নিয়ে মুখ খুলে সিবিআইকে নিশানা অভিষেকের
নানান রাজনৈতিক নেতারাই এই ঘটনার সঙ্গে যুক্ত দোষী বা দোষীদের কঠোর শাস্তির দাবী করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকের ফাঁসির দাবী তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন দোষীদের ও দোষীদের সাহায্যকারীদের রেয়াত করা হবে না। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন রাষ্ট্রপতি। বাংলায় কী এবার রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? উঠছে প্রশ্ন!





