বাজেট পেশের আগেই বড় ধাক্কা! ফের দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের, মাসের শুরুতেই উধাও মধ্যবিত্তের মুখের হাসি

আজ, বৃহস্পতিবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন সংসদে। কিন্তু এর আগেই বড় ধাক্কা খেল দেশবাসী। মাসের শুরুতে ফের বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। নতুন মাস পড়তেই উধাও মধ্যবিত্তের মুখের হাসি।

প্রসঙ্গত, প্রত্যেক মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে দাম স্থির হয় অপরিশোধিত তেলের। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনুযায়ীই দেশের বাজারেও ওঠানামা করে পেট্রোলিয়াম পণ্যের দাম। এবার ফেব্রুয়ারি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ঘোষণা করা হল যে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে ১৪ টাকা।

যদিও দেশের নানান শহরে আলাদা আলাদা দাম বেড়েছে বলে জানা গিয়েছে। এই যেমন কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ১৮ টাকা। দিল্লিতে দাম বাড়ল ১৪ টাকা।  আবার মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা। চেন্নাইয়ে ১২.৫ টাকা বেড়েছে দাম। আজ, অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এই দাম বাড়ার পর কলকাতায় এখন ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়ে দাঁড়াল ১,৮৮৭ টাকা।

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার ফলে হোটেল-রেস্তোরাঁর মালিকদের ফের চিন্তা বাড়ল বৈ কী! এই মূল্যবৃদ্ধির বাজারে ফের গ্যাসের দাম বাড়া মানেই সেই দামের প্রভাব পড়বে খাবারেও। এর ফলে সরাসরি না হলেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার ফলে সাধারণ মানুষ পরোক্ষভাবে চাপে পড়বেন।

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম একই রয়েছে অর্থাৎ ৯২৯ টাকা। গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুতে দু’বার দাম কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। তবে দীপাবলির সময় আবার এক ধাক্কায় ১০১ টাকা দাম বেড়েছিল সিলিন্ডারের। ফের নভেম্বরে দাম কমলেও এবার নতুন বছরে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।

RELATED Articles