৫ই আগস্ট রামমন্দিরের ভূমি পূজা: অনুষ্ঠান তালিকা দেখে নিন এক নজরে

অবশেষে আগামী মাসের ৫ তারিখে ভিত্তিস্থাপন হবে অযোধ্যার রাম মন্দিরের। ওইদিন প্রায় ২০০ জন হাইপ্রোফাইল অতিথির উপস্থিতিতে শুরু হবে ভূমি পুজো।

৫ ই আগস্ট সকাল ১১ টা থেকে শুরু হবে অনুষ্ঠান। যদিও রামমন্দিরের এই ভূমি পুজো ঘিরে তৈরী হয়েছে অনেক বিতর্ক, রাজনৈতিক শিবিরে চলেছে বাকবিতণ্ডা। বিরোধী শিবিরের সকলেই এই ভূমি পুজোর বিরোধিতা করেছেন এই বলে যে করোনার সময়ে শাসক দলের অন্যতম লক্ষ্য হওয়া উচিত ছিল কীভাবে দেশকে করোনার হাত থেকে বাঁচানো যায়। যদিও রাম মন্দির কর্তৃপক্ষ বিরোধীদের সেই সমস্ত অভিযোগ ও সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই ভূমি পুজো অনুষ্ঠিত করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানসূচি ও অন্যান্য তথ্য এবার এক নজরে দেখে নেওয়া যাক:

১. প্রথমে সাকেত বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং তারপরে রাম মন্দির চত্বরে তিনি সাড়ে এগারোটা নাগাদ প্রবেশ করবেন।

২. এই ভূমি পুজো চলবে এক ঘন্টা ধরে এবং প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে এই সময়ে বক্তব্য রাখবেন।

৩. পূর্বে যে অতিথি তালিকা তৈরি হয়েছিল তাতে নাম ছিল ২৬৮ জনের তবে বর্তমানে মন্দির কর্তৃপক্ষ তালিকায় মোট ২০০ জনের নাম রেখেছেন।

৪. এই ২০০ জনকে চারটি বিভিন্ন ব্লকে বসানো হবে প্রতিটি ব্লকে ৫০ জন করে অতিথি বসবেন। প্রথম ব্লকে থাকবেন সাধু-সন্তরা, দ্বিতীয় ব্লকে থাকবেন রাজনৈতিক শীর্ষ ব্যক্তিত্বরা, তৃতীয় ব্লকে থাকবেন রাজনৈতিক নেতা-নেত্রীরা যারা রাম মন্দির আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং চতুর্থ ব্লকে থাকবেন অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা।

৫. গোটা অযোধ্যা শহরকে ১২টি তোরণের মাধ্যমে সাজানো হবে।

৬. শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হবে যেখান থেকে গোটা অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করা হবে।

৭. ৩ দিনের মধ্যে গোটা শহরকে পরিষ্কার করার জন্য ৪ হাজার মানুষকে নিয়োগ করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এই অনুষ্ঠানে লাল কৃষ্ণ আদবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, বিনয় কাটিয়ার সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতা নেত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দিন গোটা অনুষ্ঠানের তদারকির দায়িত্বে থাকবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

RELATED Articles

Leave a Comment