আগামী ৩১শে মে শেষ হচ্ছে লকডাউন ৪.০। তার আগেই ধীরে ধীরে শিথিল করা হয়েছে লকডাউনের নিয়মাবলী। দেশে অর্থনীতিকে চাঙ্গা করতে শুরু হয়েছে কর্মক্ষেত্র। কিন্তু দেশব্যাপী করোনা সংক্রমনের কেস হু হু করে বেড়েই চলেছে। বৃহস্পতিবার দেশে মোট ৭৪৬৭টি নতুন কেস মিলেছে। এখনও অবধি এটাই দেশের রেকর্ড করেছে। এর সঙ্গে সঙ্গে তুরস্ককে পিছনে ফেলে এশিয়ার দেশগুলির মধ্যে করোনা আক্রান্তের দিক থেকে প্রথম স্থান পেল ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৬৫,৭৯৯। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১,১০৫জন। এখনও অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮৯,৯৮৭। মারা গিয়েছেন ৪৭০৬ জন। রিকভারি রেট ৪০ শতাংশের ওপর এবং মৃত্যুর হারও বেশ কম, এই দুটি তথ্যই এখন ভরসা জোগাচ্ছে কেন্দ্রীয় সরকারকে।
তবে মোট কেসের সংখ্যার নিরীখে তুরস্ককে ছাপিয়ে গেল ভারত। তুরস্কে করোনা আক্রান্তের সংখ্যা ১,৬০,৯৭৯। ইরানের ক্ষেত্রে সংখ্যাটা ১,৪৩,৮৪৯ জন। প্রসঙ্গত, যেখান থেকে করোনার উৎপত্তি, সেই চিনেই সরকারি তথ্য বলছে আক্রান্তের সংখ্যা মাত্র ৮২,৯৯৫। এশিয়ায় পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরব, সেখানের করোনার রোগীর সংখ্যা ৮০,১৮৫।





