বিজেপির তরফে লক্ষ্য নেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিনে দেশজুড়ে রেকর্ড টিকাকরণ করানো হবে। সেই অনুযায়ীই কাজ হল। আজ, ১৭ই সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ২ কোটি ১১ লক্ষ ২৮ হাজার ৭৮৪ জন।
এর আগে তিনবার একদিনে টিকাকরণের গণ্ডি পেরিয়েছে এক কোটির বেশি। তবে এদিন তা ২ কোটিও পেরিয়ে গেল যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এর জেরে এখনও পর্যন্ত দেশে মোট টিকা পেলেন ৭৮ কোটি ৮৬ হাজার মানুষ। এমন একটি রেকর্ডে স্বভাবতই বেশ খুশি গেরুয়া মহল। মোদীর জন্মদিন উপলক্ষ্যে ২১ দিন ব্যাপী ‘সেবা ও সমর্পণ’ কর্মসূচী পালনের উদ্যোগও নিয়েছে বিজেপি।
এদিন দ্রুত গতিতে এক কোটি টিকাকরণ হতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে, দুপুর দেড়টা পর্যন্ত, দেশ ১ কোটি টিকাকরণের গণ্ডি অতিক্রম করেছে, এখন পর্যন্ত দ্রুততম, এবং আমরা ক্রমাগত এগিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি যে আজ আমরা সবাই টিকা দেওয়ার একটি নতুন রেকর্ড তৈরি করব এবং এটি প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে দেব”।
শুধু রেকর্ড টিকাকরণই নয়, এই দিনটিকে ঘিরে বিজেপির তরফে নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হল বারাণসীর কাশিতে ভারতমাতা মন্দিরে ৭১ হাজার মাটির প্রদীপ জ্বালানো হয় এদিন। বিতরণ করা হয় ৭১ কেজি লাড্ডু। এছাড়াও বিতরণ করা হয়েছে ১৪ কোটি রেশন ব্যাগ যাতে লেখা ‘ধন্যবাদ মোদীজি’। এছাড়াও দেশের নানান পোস্ট অফিস থেকে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ৫ কোটি পোস্ট কার্ড পাঠানো হবে বলে খবর।
আরও পড়ুন- মোদীর ৭১-এ পা! প্রধানমন্ত্রীর জন্মদিনে রেকর্ড টিকাকরণের পাশাপাশি একঝাঁক পরিকল্পনা বিজেপির
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপির তরফে ৭১ জন কৃষক ও ৭১ জন জওয়ানকে সম্মানিত করা হবে। এছাড়াও মহিলা মোর্চার বিশেষ উদ্যোগে ৭১ জন মহিলা করোনা যোদ্ধাকেও সম্মানিতও করা হবে বলে জানা গিয়েছে।a





