ভ্যাকসিন নিলেও মাস্ক পরা ও সুরক্ষাবিধি মেনে চলা জরুরি: বার্তা প্রধানমন্ত্রীর

দেশজুড়ে আবারও উদ্বেগ বাড়ছে করোনা সংক্রমণ নিয়ে। কয়েকদিন ধরেই করোনার গ্রাফ উর্দ্ধমুখী, এক বছর আগের লকডাউনের আতঙ্ক ফিরে আসছে যেন আবার। এক বছর পর এই মার্চ মাসেই আবারও বাড়ছে আশঙ্কা, দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। টিকাকরণ শুরু হলেও কমেনি কোভিডের প্রভাব। সেই বিষয়েই বুধবার দুপুরে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন মোদী।

কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে দেশবাসীকে আবারও সতর্ক করতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “করোনার সঙ্গে মোকাবিলা নিয়ে আমাদের আত্মবিশ্বাস যেন আত্মতুষ্টিতে বদলে না যায়। আমাদের সাফল্য যেন অবহেলায় না বদলে যায়। সমস্যা ঠিক কোথায় হচ্ছে? তা খুঁজে বের করে সমাধান করতে হবে। সমস্যা থেকে জনতাকে মুক্ত করতে হবে।”

তিনি আরও জানিয়েছেন, “আটকাতে হবে দ্বিতীয় করোনার ঢেউ। প্রয়োজনে ‘মাইক্রো কনটেইনমেন্ট জোন’ তৈরি করতে হবে। দরকার পড়লে পুরোনো সুরক্ষাবিধি চালু করুন রাজ্যে রাজ্যে। মাস্ক পরায় অনীহা দেখা যাচ্ছে দেশ জুড়ে। সতর্ক করুন রাজ্যের মানুষকে। মিশন নিয়ে কাজ করুন। সফলতা পাবেন। ভ্যাকসিন নিয়েছেন মানে মাস্ক পরবেন না বা সুরক্ষাবিধি মেনে চলবেন না এমনটা কখনই নয়।”

তবে হঠাৎ করে মোদীর বৈঠকের খবরে আন্দাজ করা হচ্ছে যে দেশে আবারও লকডাউন জারি হতে পারে কিনা। মহারাষ্ট্রের অনেক জায়গায় ইতিমধ্যেই সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছিল। মুসৌরি শহরের একাধিক অংশে নতুন করে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে।

আরও অন্যান্য খবর