নাশকতার ছক! ভালোবাসার দিনে ফের রক্তাক্ত হতে পারত জম্মু-কাশ্মীর, জম্মু বাসস্ট্যান্ড থেকে উদ্ধার আইইডি বিস্ফোরক

আজ ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার দিন। দু’বছর আগে এদিনের পুলওয়ামার ঘটনার ক্ষত এখনও দগদগে হয়ে রয়েছে দেশবাসীর মনে। স ক্ষতে আরও একবার আঘাত লাগতে পারত এই আজকের দিনেই। তবে ভারতীয় সেনার তৎপরতায় বড়সড় নাশকতার ছক বানচাল হল। জম্মুর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হল সাত কেজি আইইডি বিস্ফোরক।

ইতিমধ্যেই, ওই এলাকার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু হয়েছে। তল্লাশি করছে পুলিশ ও সেনার যৌথ বাহিনী। জানা গিয়েছে, শনিবার রাতে জম্মুর বাসস্ট্যান্ড থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। আজ পুলওয়ামার ঘটনার দু’বছর পূর্ণ হল। আজকের দিনেই ফের বড়সড় নাশকতার ছক করেছিল জঙ্গি সংগঠন।

তবে উদ্ধার হওয়া আইইডি বিস্ফোরক সম্বন্ধে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই উপত্যকা এলাকায় একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। এরপর এই সাত কেজি আইইডি বিস্ফোরক উদ্ধারের আরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত বেশ কিছুদিন ধরে লস্কর-ই-মুস্তাফা জঙ্গি সংগঠনের মালিকের গ্রেফতার, সাম্বায় সুড়ঙ্গ ও অস্ত্রের খোঁজের মতো ঘটনা ঘটেছে। এই কারণে জঙ্গি সংগঠনগুলি সংকটে ভুগছে। এই কারণেই জম্মু-কাশ্মীরে নাশকতার ছক কষছে জঙ্গিরা। এই আশঙ্কা আগেই করা হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর তরফে। এই কারণেই উপত্যকায় নিরাপত্তা ও তল্লাশি আরও দৃঢ় করা হয়।

গত কয়েক মাস ধরেই জম্মুর সাম্বা জেলা বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। আন্তর্জাতিক সীমানার কাছে অবস্থিত হওয়ায় এই এলাকাকেই নিজেদের গুপ্তচর সংস্থা বানিয়েছে জঙ্গিরা। এই এলাকাতেই মেলে সুড়ঙ্গের খোঁজ। এই সুড়ঙ্গ ধরেই বিস্ফোরক ও অস্ত্র আসত পাকিস্তান থেকে। সেনার কাছে খবরও ছিল যে এই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। এই কারণে এই এলাকায় আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে সেনাবাহিনী ও পুলিশ।

RELATED Articles