‘দেশের স্টিল ম্যান’ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ইস্পাত শিল্পে তাঁর অসামান্য অবদানের জন্যই এমন উপাধি পান তিনি। প্রয়াত হলেন ভারতের অন্যতম শিল্পপতি জামশেদ জে ইরানি। গতকাল, সোমবার রাত ১০টা নাগাদ জামশেদপুরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
টাটা স্টিল কর্তৃপক্ষের তরফে একটি টুইট করে জামশেদ জে ইরানির মৃত্যুর কথা জানানো হয়। টুইট বার্তায় লেখা হয়, “পদ্মভূষণ জামশেদ জে ইরানির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ভারতের ‘স্টিল ম্যান’ হিসেবে পরিচিত। টাটা স্টিল, তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে”।
১৯৩৬ সালের ২রা জুন জন্মগ্রহণ করেন জামশেদ জে ইরানি। ১৯৫৬ সালে নাগপুর সায়েন্স কলেজ থেকে স্নাতক হন তিনি। পরে ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬০ সালে ধাতুবিদ্যায় স্নাতকোত্তর করেন। ১৯৬৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ধাতুবিদ্যায় গবেষণা শেষ করেন। এরপর কিছুদিন বিদেশে কাজ করে ভারতে ফিরে আসেন জামশেদ জে ইরানি।
১৯৬৮ সালে তিনি যোগ দেন ‘দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (টিসকো, বর্তমানে টাটা স্টিল)’-তে। টিসকোর গবেষণা ও উন্নয়ন বিভাগের ডিরেক্টর পদে তিনি যোগ দিয়েছিলেন। ২০০১ সালে টাটা স্টিলের ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে জামশেদ জে ইরানি টাটা গ্রুপের বিভিন্ন সংস্থায় বোর্ড মেম্বার হিসাবে দায়িত্ব পালন করেন।
১৯৯৭ সালে নাইট হুড উপাধি পান জামশেদ জে ইরানি। ভারত সরকার ২০০৭ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে।





