কন্যাসন্তানের জন্ম হওয়ায় তাকে ফেলে দিয়ে গিয়েছিলেন মা। সেই সদ্যোজাত শিশুকেই নিজের সন্তানের মতো কাছে টেনে নিয়ে পরম স্নেহে আগলে রাখল অন্য এক মা। এই ঘটনায় রীতিমতো অবাক গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের মুঙ্গেলী জেলার সরিসতাল গ্রামে। সকাল বেলা মাঠের ধারে ঝোপের মধ্যে থেকে একটি বাচ্চার কান্নার শব্দ পান কিছু গ্রামবাসীরা। সেই শব্দ অনুসরণ করেই ঝোপের কাছে পৌঁছন তারা। সেখানে যা দেখেন, তা দেখে রীতিমতো আঁতকে ওঠেন সকলে।
ঝোপের মধ্যে সম্পূর্ণ ন’গ্ন অবস্থায় পড়ে রয়েছে একটি কন্যাশিশু। তখনও নাড়ি জুড়ে রয়েছে সদ্যোজাতের দেহের সঙ্গে। শিশুটিকে দেখে গ্রামবাসীরা যত না হতবাক হয়েছেন, তার থেকে বেশি হতবাক হয়েছেন এটা দেখে যে শিশুটির পাশে প্রহরী হয়ে বসে রয়েছে এক মা কুকুর।
প্রত্যক্ষদর্শীদের দাবী, ওই ঝোপের মধ্যেই একটি কুকুরের বাচ্চা হয়েছিল। আর ওই ঝোপের মধ্যেই কেউ সদ্যোজাত শিশুটিকে ফেলে দিয়ে যায়। নিজের সন্তান ভেবেই সেই মানবশিশুটিকে আগলে রাখে মা কুকুরটি। আর সবথেকে আশ্চর্যের বিষয় যে কুকুরটির শরীরে কোনও আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি মা কুকুরটি।
এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। সরিসতাল গ্রাম পঞ্চায়েতের এক সদস্য মুন্নালাল পটেল এক সর্বাভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমরা কাজের জন্য বেরিয়েছিলাম। তখন সকাল ১১টা। হঠাৎই মাঠের ধারে এক শিশুর কান্নার আওয়াজ পেয়ে সেখানে যাই। গিয়ে দেখি একটি সদ্যোজাত শিশুকন্যা কুকুরের পাশে শুয়ে। মা কুকুর এবং তার বাচ্চাও ছিল সেখানে। রাতভর শিশুটিকে আগলে রেখেছিল কুকুরটি। আমরা পুলিশ এবং স্বাস্থ্য দফতরকে খবর দিই। ওরা এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে”।





