রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত বোঝালেন স্বদেশীর মূল অর্থ। তাঁর মতে স্বদেশী কথার মূল অর্থ দাঁড়ায় দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্যসামগ্রীকে অগ্রাধিকার দেওয়া। বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশীয় দ্রব্য সম্পর্কে এমনটাই নিজের বক্তব্যে জানালেন আরএসএস প্রধান। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ‘স্বদেশী মানে এই নয় যে সমস্ত বিদেশি পণ্য বয়কট করতে হবে। আমাদের জন্য যা উপযুক্ত ভারত শুধু তাই আমদানি করবে। তবে সেটা আমাদের শর্ত অনুযায়ীই হবে। স্বদেশীর মূল অর্থ হল, দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্যসামগ্রীকে অগ্রাধিকার দেওয়া। কিন্তু, অনেক ক্ষেত্রেই দেখা যায় দেশে একই পণ্য উৎপাদিত হলেও আমরা নিজের দেশে তৈরি জিনিসের দিকে নজর দিই না, বিদেশি জিনিস কিনি। এই মানসিকতায় বদল আনতে হবে। কিন্তু যে জিনিস আমাদের দেশে তৈরি হয় না সেই সমস্ত জিনিস বা প্রযুক্তি বিদেশ থেকেই আমদানি করতে হবে।তবে সেটা আমাদের শর্ত অনুযায়ীই হবে।
স্বাধীনতার পরেও আমাদের দেশের অর্থনীতিতে পশ্চিমের দেশগুলির প্রভাব রয়ে গিয়েছিল। একে আটকানোর জন্য কোনও অর্থনৈতিক নীতি রূপায়ণ করিনি আমরা। এর ফলে দেশে তৈরি হওয়া পণ্যের ব্যবসা ও প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু, এখন আমরা নীতি বদলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেশের অর্থনীতির উন্নতির জন্য প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারত তৈরি আহ্বান জানিয়েছেন তা একদম সঠিক পদক্ষেপ।’
স্বাধীনতার ৭৪ বছর বাদেও ভারত এখনও সম্পূর্ণ স্বদেশি পণ্যের উপর যে নির্ভরশীল হয়ে উঠতে পারেনি, তার জন্য পূর্বতন সরকারের দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেছেন সরসঙ্ঘচালক।





